

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে আগুনের লেলিহান শিখায় ৩৫টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গভীর রাতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় বাজারের একটি গলিতে। কিছুক্ষণের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়। এতে স্বর্ণের দোকানসহ অন্তত ৩৫টির বেশি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
এদিকে খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস জোন ও খাগড়াছড়ি থেকে আসা আরও একটি ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ও স্থানীয়দের আপ্রাণ প্রচেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, ‘রাত ৩টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে প্রায় ৩৫টির বেশি দোকান পুড়ে গেছে। আমরা প্রাথমিকভাবে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি।’
দীঘিনাাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, ‘অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
এদিকে দীঘিনালা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
মন্তব্য করুন