সোমবার
২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে তেলের সংকট, খোলা বাজারে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ 

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম
পেট্রোল পাম্প
expand
পেট্রোল পাম্প

বাগেরহাট জেলায় হঠাৎ করে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল না থাকায় সেগুলো বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সুযোগে খোলা বাজারে অসাধু খুচরা ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পেট্রোল ও অকটেন বিক্রি করছেন।

সোমবার (২৩ মার্চ) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা খোঁজ নিয়ে দেখা যায়, পেট্রোল ও অকটেনের স্বাভাবিক সরবরাহ বন্ধ থাকায় সাধারণ ভোক্তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

অনেকেই প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন ব্যবহার করতে পারছেন না।

এদিকে সংকটের সুযোগ নিয়ে কিছু খুচরা ব্যবসায়ী খোলা বাজারে প্রতি লিটার পেট্রোল ও অকটেন প্রায় ২০০ টাকা দরে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা অভিযোগ করেন, হঠাৎ করে পাম্পগুলোতে তেল না থাকায় তারা বাধ্য হয়ে বেশি দামে তেল কিনছেন। কিন্তু বিষয়টি দেখেও প্রশাসন এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি তাদের।

মোটরসাইকেল চালক মোঃ আলাউদ্দিন বলেন, ঘন্টার পর ঘন্টা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন পাম্প ঘুরছি, কিন্তু কোথাও তেল পাচ্ছি না। গুরুত্বপূর্ণ কাজ থাকলেও তেলের অভাবে যেতে পারছি না। এমন পরিস্থিতিতে আমরা চরম বিপাকে পড়েছি।

অন্য এক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, খোলা বাজারে ২০০ টাকা লিটার দরে তেল বিক্রি হচ্ছে, অথচ পাম্পে তেল নেই। যদি খোলা বাজারে তেল পাওয়া যায়, তাহলে পাম্পে কেন দেওয়া যাচ্ছে না এটাই আমাদের প্রশ্ন। এতে সাধারণ মানুষকে বাড়তি টাকা গুনতে হচ্ছে।

পাম্প কর্তৃপক্ষ জানায়, দৈনিক যে পরিমাণ তেলের চাহিদা রয়েছে, সরবরাহ পেলেও তা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।

এদিকে কিছু অসাধু খুচরা ব্যবসায়ী বেশি দামে তেল বিক্রি করায় সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং পাম্প মালিকরাও আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন। তারা দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি জানার পরপরই আমি জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হবে।

কেউ যেন সুযোগ নিয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন