শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল সেট পাওয়ার লোভে বহন করছিলেন উচ্চমাত্রার মাদক

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১২:৪৭ এএম
শাপলা খাতুন স্বপ্না
expand
শাপলা খাতুন স্বপ্না

যশোর শহরের মনিহার সিনেমা হল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে একটি দূরপাল্লার বাস থেকে বিপুল পরিমাণ মাদক তৈরির উপকরণসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন ও ৬ লিটার হাইড্রোক্লোরিক এসিড উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত প্রায় ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল পরিবহন কাউন্টারের সামনে একটি বাসে অভিযান চালানো হয়। ডিবির এসআই অলক কুমার দে সঙ্গীয় ফোর্স নিয়ে ঈগল পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৬৫৮৪ নম্বরের বাসে তল্লাশি চালান।

তল্লাশির সময় বাসে থাকা শাপলা খাতুন স্বপ্না (২৮) নামে এক নারীর আচরণ সন্দেহজনক মনে হলে নারী পুলিশ সদস্যের সহায়তায় তাকে বাস থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে বাসের বক্সে মাদকদ্রব্য রয়েছে।

পরে বাসের লাগেজ বক্স থেকে দুইটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ফুয়েল পেপারে মোড়ানো মোট ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে সাদা রঙের পাওডার সদৃশ অবৈধ মাদকদ্রব্য এফিড্রিন বা সিউডোএফিড্রিন ছিল, যার মোট ওজন প্রায় ২৫ কেজি। এছাড়া তিনটি পানির বোতলে রাখা ৬ লিটার কথিত পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাপলা খাতুন স্বপ্না জানান, পলাতক আসামি আজমল হোসেন লাল্টু (৫২) অবৈধভাবে ভারত থেকে এসব রাসায়নিক এনে তাকে দিয়ে চট্টগ্রামের অলংকার মোড় এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছিল। বিনিময়ে তিনি পাবেন ৬০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোনসেট। এতে রাজি হয়ে তিনি সেগুলো নিয়ে যাচ্ছিলেন। এসব রাসায়নিক দিয়ে মেথামফেটামিন বা ‘ক্রিস্টাল আইস’ তৈরি করা হয় বলেও তিনি স্বীকার করেন।

এ ঘটনায় পলাতক আজমল হোসেন লাল্টুসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে যশোর জেলা গোয়েন্দা শাখায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন