সোমবার
০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে ‘ডাক্তার দেখানোর’ ছদ্মবেশে মাদক বিক্রি, নারী কারবারি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৪:৫০ পিএম
নারী মাদক কারবারি
expand
নারী মাদক কারবারি

নোয়াখালী শহরের হাসপাতাল এলাকায় চিকিৎসক দেখানোর অজুহাতে ইয়াবা বিক্রির সময় পান্না আক্তার (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দপ্তর।

​শনিবার রাতে মাইজদী হাসপাতাল রোডের মেট্রো হাসপাতালের সামনে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার পান্না আক্তার জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আব্দুল গফুরের মেয়ে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাইজদী হাসপাতাল রোড এলাকায় ইয়াবার একটি বড় চালান হাতবদল হবে— এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে অধিদপ্তরের একটি দল। তবে সন্দেহ এড়াতে মাদক কারবারি পান্না রোগী সেজে ডাক্তার দেখানোর ছদ্মবেশ ধরেন।

​তদন্তকারী কর্মকর্তারাও পাল্টা কৌশল হিসেবে 'ছদ্মবেশে ক্রেতা' সেজে তার সাথে যোগাযোগ করেন। ইয়াবা হস্তান্তরের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, ওই নারী দীর্ঘ দিন ধরে রোগী ও স্বজনদের ছদ্মবেশে শহরের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। তাকে ধরতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বিশেষ কৌশল অবলম্বন করতে হয়েছে।

​তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন