

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, একটি আধুনিক ও উন্নত জাতি গঠনের জন্য বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা অপরিহার্য। আর এই বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকারই হোক এবারের আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্য।
রোববার (৮ মার্চ) সকালে যশোরের চৌগাছা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নারীর সম্মান, মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে সোচ্চার হতে হবে। কবির ভাষায় আমাদের মনে রাখতে হবে— “এ পৃথিবীতে যা কিছু সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।” তিনি আরও বলেন, অধিকার আদায়ে নারীদের নিজেদেরই প্রথম সচেতন হতে হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে।
চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী ও বিশিষ্ট শিক্ষাবিদ শারমিন ফরিদ।
ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনীতা মল্লিক, ওসি (তদন্ত) মো. আবু সাঈদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাংবাদিক প্রতিনিধি কেএম ইদ্রিস আলী, শিক্ষক প্রতিনিধি ইলিয়াস উদ্দিন, ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসান, পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা রেশমা খাতুন ও রাবেয়া খাতুন এবং অদম্য নারী শারমিন জাহান।
আলোচনা সভা শেষে সফল নারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন