সোমবার
০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদা না দেওয়ায় খুন, রাতেই ধরা পড়ল দুই ‘মাস্টারমাইন্ড’

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৩:০২ পিএম
গ্রেপ্তারকৃত আসামি
expand
গ্রেপ্তারকৃত আসামি

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্পসংলগ্ন পল্লানকাটা এলাকায় গণেশ পাল হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুই কথিত মূল পরিকল্পনাকারীকে আটক করেছে পুলিশ।

ঘটনার প্রায় ১৪ ঘণ্টার মাথায় শনিবার (৭ মার্চ) মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, পিএমখালী এলাকায় অভিযান চালিয়ে জিদান ও বাদশা নামের দুইজনকে আটক করা হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, তদন্তের অংশ হিসেবে প্রথমে জিদানের কথিত প্রেমিকা ও পরে তার এক ভগ্নিপতিকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে জিদান ও বাদশাকে আটক করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কক্সবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) পেয়ারু বলেন, ঘটনার পর থেকেই পুলিশ অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার টানা অভিযানের পর আমরা এই সাফল্য পাই।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর প্রায় দুইটার দিকে পল্লানকাটা এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে গণেশ পালের সঙ্গে কয়েকজনের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং রাতেই দুই সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হয়। হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন