

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে এক কোটি টাকা চাঁদার দাবিতে অপহৃত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে তিন দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। স্বামীকে জীবিত ফিরে পেতে সংবাদ সম্মেলনে আকুতি জানিয়েছেন তার স্ত্রী রেশমা খাতুন।
বুধবার (৪ মার্চ) বিকেলে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাহাঙ্গীর আলমই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত তিন দিন ধরে তিনি তিন মেয়েকে নিয়ে চরম অনিশ্চয়তা ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন।
রেশমা খাতুন দাবি করেন, তার স্বামীর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। কেউ তাকে অপহরণ করবে বা হত্যা করার হুমকি দেবে—এটা তিনি বিশ্বাস করতে পারছেন না। তিনি সৎভাবে ব্যবসা করে জীবন-যাপন করতেন বলেও জানান।
জানা যায়, শংকরপুর হাসপাতালের সামনে জাহাঙ্গীর আলমের ‘আর আর মেডিকেল’ ও ‘জে আর এগ্রোভেট’ নামে দুটি প্রতিষ্ঠান রয়েছে। গত ২ মার্চ রাত ৯টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে ধর্মতলা সুজলপুর এলাকার বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। পথিমধ্যে দুর্বৃত্তরা তার পথরোধ করে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।
পরিবারের দাবি, রাত ১০টার দিকে অপহরণকারীরা জাহাঙ্গীরের মোবাইল ফোন থেকে প্রথমে তার মা জাহানারা খাতুনকে ফোন দেয়। পরে রেশমা খাতুনের কাছেও কল করে জানায়, জাহাঙ্গীরকে জীবিত ফেরত পেতে হলে এক কোটি টাকা দিতে হবে। এরপরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি কোতোয়ালি থানায় জানানো হয়।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রেশমা খাতুন বলেন, পুলিশ বলছে তারা চেষ্টা করছে, কিন্তু এখনো তাকে উদ্ধার করতে পারেনি। তিন দিন পার হয়ে গেলেও তারা কোনো খবর পাননি। তিনি স্বামীকে জীবিত উদ্ধারের পাশাপাশি অপহরণকারীদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলমের মা জাহানারা খাতুন, ছোট বোন সেলিনা খাতুন, মেয়ে হৃদা ও রুপু এবং ভগ্নিপতি নুরুজ্জামান মিয়া।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সব ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আশা করছি দ্রুত তার সন্ধান পাওয়া যাবে।
মন্তব্য করুন