

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেনের বিরুদ্ধে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার (২ মার্চ) তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।
জানা গেছে, গত ১ জানুয়ারি খোকসা বাজার এলাকার ইলেকট্রনিক্স ব্যবসায়ী মাহফুজুর রহমানের কাছে একটি ল্যাপটপ এবং মোটা অঙ্কের নগদ অর্থ দাবি করেন ওসি মোতালেব হোসেন। ব্যবসায়ী মাহফুজুর রহমান তা দিতে অস্বীকৃতি জানালে ওসি মোতালেব তাকে বিভিন্নভাবে হয়রানি শুরু করেন। এমনকি একাধিকবার তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ করেছেন।
ওসির ক্রমাগত হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন ব্যবসায়ী মাহফুজুর রহমান। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন মহলে জানাজানি হলে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর আজ সোমবার সকালে ওসি মোতালেব হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এদিকে পুলিশ কর্মকর্তার এমন কর্মকাণ্ডে খোকসা বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, খোদ থানার ওসির কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। এই ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।
মন্তব্য করুন