সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের টানে মুন্সীগঞ্জে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৩:০৭ পিএম
সাহারা আক্তারের সাথে চীনা নাগরিক ইয়ং ডিলি
expand
সাহারা আক্তারের সাথে চীনা নাগরিক ইয়ং ডিলি

প্রেমের টানে সুদূর চীন থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ছুটে এসেছেন চীনা নাগরিক ইয়ং ডিলি (২৮)। রোববার (১ মার্চ) বেলা ১১টার দিকে তিনি উপজেলার বাসাইল ইউনিয়নের রসুলপুর গ্রামে সাহারা আক্তারের (২০) বাড়িতে আসেন। দিনভর দুই পরিবারের আলোচনা ও প্রস্তুতির পর সন্ধ্যার পরে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাট’ এর মাধ্যমে প্রায় এক বছর আগে ইয়ং ডিলি ও সাহারার পরিচয় হয়। শুরুতে বন্ধুত্ব, পরে তা প্রেমে রূপ নেয়। দীর্ঘদিন অনলাইনে যোগাযোগের পর এক মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন ইয়ং ডিলি।

রোববার সকালে রসুলপুর গ্রামে পৌঁছালে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়। বিদেশি নাগরিককে একনজর দেখতে আশপাশের মানুষ সাহারাদের বাড়িতে ভিড় করেন। পরে দুই পরিবারের সম্মতিতে সন্ধ্যায় কাজীর মাধ্যমে মুসলিম রীতিতে বিয়ে সম্পন্ন হয়।

সাহারার পরিবার জানায়, শুরুতে বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন ছিলেন। তবে দীর্ঘদিনের যোগাযোগ, ভিডিও কল এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে তারা আশ্বস্ত হন। পরিবারের সদস্যদের ভাষ্য, ইয়ং ডিলি ইসলাম ধর্ম ও বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন।

স্থানীয় এক ইউপি সদস্য বলেন, বিদেশি নাগরিক বিয়ে করতে আসায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। তবে বিয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

জানা গেছে, ইয়ং ডিলি বর্তমানে এক মাসের ভিসায় বাংলাদেশে অবস্থান করছেন। বিয়ের পর কিছুদিন তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকবেন। পরবর্তী সময়ে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে দম্পতি ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন