শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি টাকার চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা সাবেক এমপির বাসায় গুলিবর্ষণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম
expand
কোটি টাকার চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা সাবেক এমপির বাসায় গুলিবর্ষণ

চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকায় পুলিশি নিরাপত্তায় থাকা এক শীর্ষ ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্যের বাসভবন লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগীর দাবি, চাঁদার টাকা না পেয়ে বিদেশে অবস্থানরত এক সন্ত্রাসী চক্রের অনুসারীরা এই হামলা চালিয়েছে।

এর আগে চলতি বছরের ২ জানুয়ারিও একই বাসভবনে গুলির ঘটনা ঘটে। সে সময় বাসার জানালার কাচ ভেঙে যায় এবং দরজায় গুলির চিহ্ন পাওয়া যায়। ওই ঘটনার পর থেকেই বাসাটিতে পুলিশি পাহারা জোরদার করা হয়। তবে নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও ফের গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। প্রথমে ১০ কোটি টাকা, পরে ৫ কোটি টাকা দাবি করা হয়। চাহিদামতো অর্থ না দেওয়ায় জানুয়ারিতে গুলির ঘটনা ঘটে। সম্প্রতি আবারও হুমকিমূলক বার্তা পাঠানো হয় বলে তিনি দাবি করেন।

তার ভাষ্য অনুযায়ী, ফজরের নামাজের পর পরিবারের সদস্যরা বিশ্রামের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বাসার পেছন দিক থেকে মুখোশধারী কয়েকজন অস্ত্রধারী গুলি ছোড়ে। নিরাপত্তাকর্মীরা বিষয়টি টের পেয়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সতর্ক করেন। তবে হামলাকারীরা কয়েক মিনিটের মধ্যেই এলাকা ত্যাগ করে।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, চারজন মুখোশধারী ব্যক্তি আগ্নেয়াস্ত্র হাতে বাসার কাছে এসে গুলি চালায়। পুলিশ জানায়, হামলাকারীদের মধ্যে একজনের হাতে দুটি পিস্তল ছিল। অন্যদের কাছে সাব-মেশিনগান, চায়নিজ রাইফেল ও শটগানের মতো অস্ত্র ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে নগর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, হামলাকারীরা একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলে করে এলাকায় এসে কিছুটা দূরে যানবাহন রেখে হেঁটে বাসার সামনে যায় এবং গুলি চালিয়ে দ্রুত সরে পড়ে। প্রাথমিক তদন্তে চাঁদাবাজির জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, স্মার্ট গ্রুপ একটি বড় শিল্পগোষ্ঠী। মোস্তাফিজুর রহমানের ছোট ভাই মুজিবুর রহমান ২০২৪ সালের জাতীয় নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। জানুয়ারিতে একই বাসায় গুলির ঘটনার পরও কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে।

এদিকে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এ ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X