বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

লিচুতলায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, সেনা সদস্যসহ আহত ৪ 

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম
ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত কয়েকজন
expand
ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত কয়েকজন

যশোর শহরের লিচুতলা ঢাকা রোডে বাইতুস সালাম জামে মসজিদের সামনে ইজিবাইক ও পাথরভর্তি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন সেনা সদস্যসহ চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সৈনিক মো. এজাজুল কাজী, সৈনিক মো. শাকিবুল হাসান, সৈনিক মো. হাসিব এবং ইজিবাইকচালক মো. শাহআলম।

জানা গেছে, তিন সেনা সদস্য ইজিবাইকযোগে নিউমার্কেট থেকে পালবাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে কারফিটিংয়ের গলানো পাথরভর্তি একটি ড্রাম ট্রাক এসে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ট্রাকটির নম্বর খুলনা মেট্র–শ ১১-০৩৩৯। চালক মো. আইয়ুব আলী, তার বাড়ি খুলনার চুকনগর এলাকায়। ট্রাকটি পাটোয়ারী এন্টারপ্রাইজের মনিহার-টু-পালবাড়ী সড়কের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনায় সৈনিক এজাজুল কাজীর মাথা, ডান পা, ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। সৈনিক শাকিবুল হাসানের মাথা ও ঘাড়ে আঘাত রয়েছে। সৈনিক হাসিবের ডান হাতের তালুতে ও শরীরের বিভিন্ন অংশে চোট লাগে। ইজিবাইকচালক শাহআলমের মাথা ও ডান পায়েও গুরুতর আঘাত রয়েছে। আহতদের যশোর সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মাইনর ওটিতে রেখে চিকিৎসা দিচ্ছেন।

দুর্ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইক ও ট্রাক জব্দ করে হেফাজতে নিয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার আগে দুইটি ইজিবাইক রাস্তার মাঝখান দিয়ে পাল্লাপাল্লি করে প্রতিযোগিতামূলকভাবে চলছিল। বেপরোয়া গতি ও অসতর্ক চালনাই এ দুর্ঘটনার মূল কারণ হতে পারে বলে স্থানীয়দের ধারণা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X