

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোনায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মোঃ আবু বক্কর (৬২)কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম মুন মুঞ্জুরি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম।
দণ্ডপ্রাপ্ত আবু বক্কর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মোলামখার এলাকার মৃত জাফর আলীর ছেলে। নিহত রেজিয়া খাতুন (৩৮) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসুন্তিয়া গ্রামের বাসিন্দা।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, আবু বক্কর ও রেজিয়া খাতুন—উভয়ের এটি ছিল দ্বিতীয় বিয়ে। বিয়ের পর আবু বক্কর স্ত্রীর বাড়িতেই বসবাস করতেন। দাম্পত্য জীবনে তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত।
২০১৪ সালের ২৯ এপ্রিল রাতে পারিবারিক বিরোধের জেরে আবু বক্কর স্ত্রীর পরনের টি–শার্ট গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে রাতেই মরদেহ বনাঞ্চলের খড়ের স্তূপের ভেতরে মাটিচাপা দিয়ে পালিয়ে যান। ঘটনার পর তিনি মোবাইল ফোনে নিজের ছেলেকে হত্যার বিষয়টি জানান।
পরদিন নিহতের বোন বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আবুল হাশেম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী নজরুল ইসলাম খান।
মন্তব্য করুন
