বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে গ্যাস পাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ১৬

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ এএম
কক্সবাজারের কলাতলী বাইপাস সড়কের একটি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড
expand
কক্সবাজারের কলাতলী বাইপাস সড়কের একটি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড

কক্সবাজারের কলাতলী এলাকায় একটি নবনির্মিত এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণ থেকে লাগা আগুন প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ‘এন আলম’ নামের একটি নতুন ফিলিং স্টেশন থেকে গ্যাস লিকেজ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে এলাকায় গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। রাত ১০টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৪ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন একটি গ্যাস ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়। ট্যাংকের গ্যাস সম্পূর্ণ শেষ হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

রাত আনুমানিক তিনটার দিকে সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ফিলিং স্টেশনটি সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি অন্তত ১০টি বসতবাড়ি এবং পর্যটক পরিবহনে ব্যবহৃত ২০ থেকে ২৫টি জিপ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ মধ্যরাতে সাংবাদিকদের বলেন, ফিলিং স্টেশনটির কোনো বৈধ অনুমোদন ছিল না। গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মালিকপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সবুকতাগিন মাহমুদ সোহেল বলেন, ছয়জন চিকিৎসাধীন আছেন। গুরুতর আহত সাতজনকে চট্টগ্রাম এবং তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমি উদ্দিন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X