

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাহাড়ি জনপদ রাঙামাটির লংগদু উপজেলার ৩৭ বিজিবি জোন সংলগ্ন রাজনগর এলাকায় অসুস্থ একটি বুনো হাতির চিকিৎসার উদ্যোগ নিয়েছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ।
রাজনগর জোনের অধিনায়ক লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিনের সহযোগিতায় সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহের নেতৃত্বে বন বিভাগ ও চট্টগ্রাম ভেটেরিনারির অ্যানিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের একটি টিম লংগদু উপজেলার রাজনগরে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে তারা হাতিটির সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসেবা দেন।
এসময় এ্যালিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা (ইআরটি) ঘটনাস্থলে থাকা অসুস্থ হাতিকে বিভিন্ন কৌশল অবলম্বন করে জঙ্গল থেকে বাইরে বের করে আনলে বন বিভাগের কর্মকর্তা ও চিকিৎসকরা হাতির অবস্থা পর্যালোচনা করে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করেন।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, সপ্তাহ খানেক আগে লংগদু উপজেলার ৩৭ বিজিবির আওতাধীন এলাকায় একটি বড় হাতি পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ হওয়ার খবর পেয়ে বন বিভাগের পক্ষ থেকে অসুস্থ হাতিটিকে চিকিৎসা সেবা দিতে আসি। বন বিভাগ ও চট্টগ্রাম ভেটেরিনারির অ্যানিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের একটি টিম সোমবার ঘটনাস্থলে এসে হাতিকে দেখে চিকিৎসার উদ্যোগ নিয়েছে। হাতির জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে হাতিকে ওষুধ খাওয়ানোর জন্য ফরেস্ট বিভাগের টিমসহ ইআরটি টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের সার্বিক সহযোগিতা করছে বিজিবির সদস্যরা। আশা করছি ঠিকমতো ওষুধ খাওয়ানো গেলে হাতিটি দ্রুতই সুস্থ হয়ে উঠবে।
এ সময় রাঙামাটি সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আবু সালেহ, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সাইন্সেস বিশ্ব বিদ্যালয়ের কিউরেটর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মো. ফরহাদ হোসেন, কাচালংমুখ বনশুল্ক ও পরীক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাইয়ুম নিয়াজী, রাঙ্গিপাড়া বিট কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম থেকে আগত চিকিৎসক টিমের প্রধান চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের কিউরেটর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মো. ফরহাদ হোসেন বলেন, আহত হাতিটির পায়ে আঘাত করা হয়েছে। বিষয়টি সরেজমিনে গিয়ে আমরা বুঝতে পেরেছি। আঘাতের বিষয়টি পর্যালোচনা করে কিছু ওষুধ দিয়েছি।
বিজিবি রাজনগর জোনের অধিনায়ক লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন বলেন, বিজিবি সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষায় কাজ করছে। তিনি বলেন, বিজিবির আওতাধীন বিভিন্ন বনে হাতিসহ বিভিন্ন প্রাণী অনেকটাই নিরাপদে থাকে। তিনি পরিবেশ সুরক্ষায় সবাইকে সচেতন করতে বন বিভাগের প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন
