

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও বিস্তৃত করতে দেশের ১৪ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড একটি ইউনিভার্সাল কার্ড হিসেবে দেওয়া হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এর আওতায় আসবেন। তবে প্রথম পর্যায়ে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
মন্ত্রী জানান, চার বছরের মধ্যে ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। উপকারভোগীদের সব তথ্য একটি সফটওয়্যারে সংরক্ষণ করা হবে। ইউনিয়ন পর্যায়ে ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অফলাইন ও অনলাইন—দুই মাধ্যমেই তথ্য দেওয়া যাবে।
অর্থ বিতরণ বিষয়ে ডা. জাহিদ বলেন, বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে নির্ধারিত ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সুবিধাভোগীরা যে ব্যাংক থেকে টাকা তুলতে চান, সেখান থেকেই তা উত্তোলন করতে পারবেন।
ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, একটি মহল কার্ড করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এটি সম্পূর্ণ বেআইনি। সরকার এই কার্ড বিনা মূল্যে দেবে; কোনো অর্থের প্রয়োজন নেই। কেউ টাকা চাইলে তাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বা স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, কার্ড পেতে কোনো ধরনের তদবিরের প্রয়োজন নেই। নির্ধারিত প্রক্রিয়া ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতেই উপকারভোগীদের নির্বাচন করা হবে। সরকারের লক্ষ্য হলো সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে কাভারেজের আওতায় আনা।
মন্তব্য করুন

