

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন পরিবর্তনের আওতায় বাংলাদেশকে ভিসা বন্ড প্রযোজ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত জমা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হতে পারে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর গত ৬ জানুয়ারি ভিসা বন্ড কার্যক্রমের আওতায় থাকা দেশগুলোর একটি হালনাগাদ তালিকা প্রকাশ করে। নতুন তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হয়েছে, যেখানে মোট দেশ রয়েছে ৩৮টি। বাংলাদেশের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে।
নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো আবেদনকারী ভিসার জন্য যোগ্য বিবেচিত হলেও কনস্যুলার কর্মকর্তা চাইলে তার ক্ষেত্রে ৫ হাজার, ১০ হাজার কিংবা ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ করতে পারবেন। আবেদনকারীর আর্থিক অবস্থা, ভ্রমণের উদ্দেশ্য এবং সাক্ষাৎকারের মূল্যায়নের ভিত্তিতেই বন্ডের অঙ্ক ঠিক করা হবে। নির্ধারিত এই অর্থ যুক্তরাষ্ট্র সরকারের অনলাইন পেমেন্ট সিস্টেম Pay.gov-এর মাধ্যমে জমা দিতে হবে।
স্টেট ডিপার্টমেন্টের ভাষ্য অনুযায়ী, ভিসা বন্ড মূলত একটি ফেরতযোগ্য জামানত। নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে, ভিসা পাওয়ার পর ভ্রমণ না করলে কিংবা বিমানবন্দরে প্রবেশের অনুমতি না মিললে জমাকৃত অর্থ ফেরত পাওয়া যাবে। তবে কেউ যদি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করেন বা যুক্তরাষ্ট্রে গিয়ে ভিসার ধরন পরিবর্তনের আবেদন করেন, সে ক্ষেত্রে বন্ডের টাকা বাজেয়াপ্ত করা হবে।
এ ছাড়া ভিসা বন্ডের আওতায় ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের নির্দিষ্ট তিনটি বিমানবন্দর নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, নিউইয়র্কের জন এফ কেনেডি (JFK) বিমানবন্দর এবং ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর। এসব বিমানবন্দর ছাড়া অন্য কোনো পথে প্রবেশ করলে বন্ডের শর্ত লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারে।
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের দাবি, এই পরীক্ষামূলক উদ্যোগের উদ্দেশ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থানকারীদের সংখ্যা কমানো। তবে নতুন এই ব্যবস্থার ফলে বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়া আগের তুলনায় আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠতে পারে।
মন্তব্য করুন
