

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকায় মেয়াদোত্তীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনসমূহ থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীদের উচ্ছেদ অভিযান শুরু করেছে কুয়েত সরকার। সম্প্রতি সেখানে উচ্ছেদ হওয়া বাংলাদেশিদের অবস্থা সরেজমিন পরিদর্শনে গেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
শনিবার (১৮ জুলাই) তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শন শেষে তিনি জানান, কুয়েত সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীলরা এলাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের সরিয়ে নিয়ে হাসাবিয়ার একটি হাই স্কুলে অস্থায়ী শেল্টার হাউজে থাকার ব্যবস্থা করেছে।
এছাড়া, উচ্ছেদ হওয়া প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে সংশ্লিষ্ট হাই স্কুলের লোকেশন লিংকের মাধ্যমে সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান তিনি। প্রবাসী বাংলাদেশিরা যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের অনুরোধ করেছে দূতাবাস।
নিচে জরুরি সেবা ও যোগাযোগের মাধ্যমগুলো দেয়া হলো—
শ্রম-কল্যাণ উইং: শ্রমিক সংক্রান্ত সমস্যাদি যেমন—আকামা, বেতন, মৃতদেহ দেশে প্রেরণ, ক্ষতিপূরণ, সার্ভিস বেনিফিট ও অ্যাটর্নি সংক্রান্ত তথ্যের জন্য নির্দিষ্ট কর্মকর্তাদের সাথে মোবাইল বা ইমেইলে যোগাযোগ করা যাবে।
কূটনৈতিক উইং: ড্রাইভিং লাইসেন্স সত্যায়ন, নাম সংশোধন, আমমোক্তারনামা, একাডেমিক সার্টিফিকেট সত্যায়ন, ফটো সত্যায়ন, রিলেশন সনদ, বিভিন্ন প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং জন্ম নিবন্ধন সংক্রান্ত সেবার জন্য সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করতে হবে।
পাসপোর্ট ও ভিসা উইং: পাসপোর্ট, ট্রাভেল পারমিট ও বিদেশি নাগরিকদের ভিসা ইস্যু সংক্রান্ত তথ্যের জন্য নির্দিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
জরুরিসেবা: মৃত্যু, দুর্ঘটনা এবং যেকোনো অতীব জরুরি বিষয়ে দূতাবাসের হটলাইন নম্বর +৯৬৫ ৬৯৯২০০১৩ নম্বরে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা যোগাযোগ করা যাবে।
এই উচ্ছেদ অভিযানের কারণ সম্পর্কে কুয়েতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে দূতাবাস জানিয়েছে, মেয়াদোত্তীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনসমূহ অপসারণ এবং দেশটিতে অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদের আটক করে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা করাই এ অভিযানের মূল লক্ষ্য।
আগামী দিনগুলোতে কুয়েতের অন্যান্য এলাকাতেও এই অভিযান অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।