শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় কঠোর বার্তা দিল সৌদি আরব 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে কুয়েত, বাহরাইন ও জর্ডানের গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। একইসঙ্গে হামলা অব্যাহত থাকলে আত্মরক্ষায় দেশ তিনটি যে পদক্ষেপ নেবে, তার প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে রিয়াদ।

শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থান জানায়।

বিবৃতিতে বলা হয়, কুয়েত, বাহরাইন ও জর্ডানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পানি পরিশোধনাগারসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে ইরানের হামলা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের হামলা চলতে থাকলে সংশ্লিষ্ট দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেবে, সৌদি আরব তার পাশে থাকবে।

সৌদি আরব সব ধরনের সামরিক উত্তেজনা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সংঘাতের আরও বিস্তার রোধ করা জরুরি।

এদিকে, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা, পানি পরিশোধনাগার এবং লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলোতে হামলার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বলে দাবি করেছে একটি ইরানি সামরিক সূত্র।

শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট স্পেকটেটর ওই সূত্রের বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কৌশল বাস্তবায়ন শুরু করেছে।

তবে ইরানি সামরিক সূত্রের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: গালফ নিউজ, এএফপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank