

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সংহতি জানিয়ে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান।
শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক মাধ্যমে এক পোস্টে এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি।
এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় প্রভাব পড়ে; এক লাফে ১১ শতাংশেরও বেশি কমে যায় দাম। আরাগচি জানান, লেবাননে চলমান যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। তবে নিরাপত্তার কারণে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে।
ইরানের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান তাদের হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করেছে, যা চলাচলের জন্য প্রস্তুত—এ জন্য দেশটিকে ধন্যবাদ।
তবে একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে দেন, তেহরানের সঙ্গে স্থায়ী কোনো সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে।
এর আগে বৃহস্পতিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। হিজবুল্লাহ ইরানের ঘনিষ্ঠ মিত্র হওয়ায়, লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা ওয়াশিংটন-তেহরান আলোচনার একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতি দিলেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় হরমুজ প্রণালী প্রায় বন্ধই রাখা হয়েছিল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে বৈশ্বিক জ্বালানি তেলের বড় একটি অংশ পরিবাহিত হয়। দীর্ঘদিনের উত্তেজনার পর প্রণালীটি খুলে দেওয়ায় বিশ্ব অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র : বিবিসি, আলজাজিরা।
মন্তব্য করুন
