

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেট্রোরেলে ভাড়া না দিয়ে প্রবেশ করতে অভিনব কৌশল অবলম্বন করেছেন কয়েকজন নারী। নিয়ম মেনে টিকিট কেটে স্বয়ংক্রিয় গেট পার হওয়ার পরিবর্তে গেটের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করেন তারা। সঙ্গে থাকা এক শিশুকেও একইভাবে গেটের নিচ দিয়ে ঢুকতে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তীব্র সমালোচনা।
ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা কয়েকজন নারী একে একে স্বয়ংক্রিয় গেটের নিচ দিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করছেন। টিকিট না কেটে প্রবেশপথ পার হতে তারা নিচু হয়ে গেটের তলা দিয়ে চলে যান। এ সময় তাদের মধ্যে তেমন কোনো উদ্বেগ দেখা যায়নি। বরং কয়েকজনকে হাসিখুশি অবস্থায় দেখা গেছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়েছে। তবে ঘটনাটির সময় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
ঘটনাটিতে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে শিশুর সামনে এমন আচরণ করার কারণে। ভিডিওতে দেখা যায়, নারীদের গেটের নিচ দিয়ে প্রবেশ করতে দেখে সঙ্গে থাকা শিশুটিও একইভাবে ঢোকার চেষ্টা করছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, বড়দের এমন আচরণ শিশুদের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে। তাদের মতে, শিশুদের সামনে এ ধরনের কর্মকাণ্ড অনুকরণীয় আচরণ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
মেট্রোরেলের মতো গণপরিবহনে নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাড়া না দিয়ে প্রবেশের চেষ্টা শুধু নিয়ম ভঙ্গই নয়, একই সঙ্গে শিশুদের জন্যও একটি নেতিবাচক উদাহরণ তৈরি করতে পারে।
জানা গেছে, ঘটনাটি ভারতের দিল্লি মেট্রোর একটি স্টেশনে ঘটেছে। তবে ঠিক কোন স্টেশনে এবং কখন ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

