

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


থাইল্যান্ডে চলমান আন্তর্জাতিক হকি বাছাইয়ে প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ফারাকটাই যেন নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশ। যাদের বিপক্ষে অতীতে বড় ব্যবধানে জয়ের অভিজ্ঞতা আছে, সেই উজবেকিস্তানের সঙ্গেই এবার পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
উজবেকিস্তানের বিপক্ষে ১-১ গোলের এই ড্র বাংলাদেশের জন্য শুধু হতাশাই নয়, হিসাব-নিকাশও বদলে দিয়েছে। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে তৃতীয় হয়ে শেষ করেছে বাংলাদেশ। এই ড্রয়ে সেরা চারে থেকে এশিয়ান গেমসে সরাসরি খেলার সুযোগ হারাল বাংলাদেশ। অন্যদিকে সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে উজবেকিস্তান।
তবে পুরোপুরি ছিটকে যায়নি বাংলাদেশ। এখন স্থান নির্ধারণী ম্যাচে ভালো করতে পারলেই এশিয়ান গেমসে খেলার সুযোগ থাকছে। শীর্ষ ছয়ের মধ্যে শেষ করতে পারলেই মিলবে সরাসরি টিকিট।
এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য ছিল শিরোপা লড়াইয়ে থাকা। কিন্তু পারফরম্যান্সে সেই ছাপ দেখা যায়নি। আগের ম্যাচে দীর্ঘ ২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হার, আর এবার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ড্র—সব মিলিয়ে ছন্দহীন দলই দেখা গেছে।
থাইল্যান্ডের এয়ারফোর্স হকি মাঠে ম্যাচের শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের মাঝামাঝি সময়ে পেনাল্টি কর্নার থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে দল। এরপর সমতা ফেরাতে আক্রমণের চেষ্টা থাকলেও তা কার্যকর হয়ে ওঠেনি দীর্ঘ সময়।
শেষ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল গোল করে সমতা আনলেও জয়ের জন্য প্রয়োজনীয় আরেকটি গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। বরং ম্যাচের বিভিন্ন সময়ে পেনাল্টি কর্নার আদায় করে চাপ তৈরি করেছে উজবেকিস্তানই।
মন্তব্য করুন
