বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ক্লাবে প্রথম ম্যাচেই জয়, আলো ছড়ালেন হামজা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ এএম
ছবি: সংগৃহীত
expand

দীর্ঘদিনের ক্লাব লেস্টার সিটি ছেড়ে আরেক ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। দলে যোগ দেওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই মাঠেও নেমেছেন তিনি। আর এ ম্যাচে ৩-২ গোলের জয় পেয়েছে তার দল।

মঙ্গলবার ব্রামল লেনে চ্যাম্পিয়নশিপের ম্যাচটিতে শেফিল্ডের জয়সূচক গোলটি হয় ৯৩তম মিনিটে। মাঝমাঠে বোল্টনের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ক্যালভিন ফিলিপসের পাস ধরে বক্সে ঢোকেন ডোনোভান। তাঁর জোরালো শট বোল্টনের জালে জড়াতেই উল্লাসে মেতে ওঠে পুরো গ্যালারি।

লেস্টার সিটির সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে ম্যাচের আগের দিনই স্থায়ীভাবে শেফিল্ডে যোগ দেন হামজা। নতুন ক্লাবে ফেরার পরই মূল একাদশে জায়গা পান তিনি। যদিও রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবেই বেশি পরিচিত হামজা, বোল্টনের বিপক্ষে তাকে খেলানো হয় ‘রাইট ব্যাকে’।

শেফিল্ডের জন্য ম্যাচের শুরুটা অবশ্য ছিল কঠিন। খেলা শুরুর মাত্র ২৪ সেকেন্ডেই জেভিয়ার সিমন্সের গোলে এগিয়ে যায় বোল্টন। কিন্তু চার মিনিটের মধ্যেই সমতা ফেরায় স্বাগতিকেরা। সিডি পেকের ফ্রি-কিক থেকে জ্যাফেট টাঙ্গাঙ্গার হেডে ম্যাচে ফেরে শেফিল্ড।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও উত্তেজনা কমেনি। ৬৭ মিনিটে স্যাম ডালবির হেডে আবারও এগিয়ে যায় বোল্টন। তবে এক মিনিটের ব্যবধানেই ম্যাচে ফেরে শেফিল্ড। ডোনোভানের নিচু ক্রস থেকে গোল করে স্কোর ২-২ করেন প্যাট্রিক ব্যামফোর্ড।

শেষ দিকে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পরও যখন মনে হচ্ছিল ম্যাচটি ড্রতেই শেষ হবে, তখন শেষ মুহূর্তে ব্যবধান গড়ে দেন ডোনোভান।

জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল হামজারও। পুরো ৯০ মিনিট মাঠে থাকা এই ফুটবলার ৫০টি পাসের মধ্যে ৪৫টি সফলভাবে সতীর্থদের কাছে পৌঁছে দেন। তার পাসিং সফলতার হার ছিল ৯০ শতাংশ। রক্ষণে আরও কার্যকর ছিলেন চারটি ট্যাকল করেই চারটিতে সফল হয়ে।

শেফিল্ডের সঙ্গে হামজার সম্পর্ক অবশ্য নতুন নয়। এর আগে ২০২৫ সালের শুরুতে লেস্টার থেকে ধারে এসে দলটির হয়ে খেলেছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে মাঠে নেমে শেফিল্ডকে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

স্থায়ী চুক্তিতে ক্লাবটিতে ফেরার পর প্রথম ম্যাচেই তাই পেলেন জয়ের স্বাদ। বোল্টনকে হারিয়ে লিগে ১৪তম স্থান থেকে দশম স্থানে উঠে এসেছে শেফিল্ড ইউনাইটেড। অন্যদিকে এটি বোল্টনের টানা দ্বিতীয় হার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank