সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনাল শুরুর কয়েক ঘণ্টা আগে ইয়মালের বার্তা, আলোচনার ঝড়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১১:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবলারদের অনেকেই নিজের মতো করে মানসিক প্রস্তুতি নেন। কেউ পরিবারের সঙ্গে সময় কাটান, কেউ আবার স্মরণ করেন শুরুর দিনগুলো। স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালও বেছে নিয়েছেন সেই পথই।

আর্জেন্টিনার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনালের কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে শৈশবের একটি ছবি প্রকাশ করেছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। ছবির সঙ্গে ইংরেজিতে লিখেছেন, ‘For you and for the streets’। অর্থাৎ, (তোমাদের জন্য এবং আমার শিকড়ের জন্য)। এই বার্তার মাধ্যমে নিজের বেড়ে ওঠার এলাকা রোকাফোন্দার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইয়ামাল।

ছবিতে ছোট্ট ইয়ামালকে দেখা যায় তার শৈশবের ক্লাব লা তোরেতার জার্সিতে। পোস্টে তিনি যুক্ত করেছেন স্প্যানিশ র‌্যাপার মোরাদের একটি গানও। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের জন্মস্থান রোকাফোন্দার পরিচয় গর্বের সঙ্গে তুলে ধরেন ইয়ামাল। এমনকি ম্যাচে যে হেডব্যান্ড ব্যবহার করেন, সেখানেও লেখা থাকে রোকাফোন্দার নাম।

ফাইনালের আগে দেওয়া এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সমর্থকের কাছে এটি শুধু একটি ছবি নয়, বরং জীবনের সবচেয়ে বড় ম্যাচের আগে নিজের শিকড়কে স্মরণ করার প্রতীকী বার্তা।

অবশ্য এবারের বিশ্বকাপের শুরুটা ইয়ামালের জন্য সহজ ছিল না। ইনজুরির কারণে প্রথম দিকে প্রত্যাশামতো খেলতে পারেননি। তবে ধীরে ধীরে ছন্দ ফিরে পেয়ে নকআউট পর্বে আবারও স্পেনের প্রথম একাদশে জায়গা করে নেন।

চলতি আসরে এখন পর্যন্ত সৌদি আরবের বিপক্ষে একটি গোল করেছেন ইয়ামাল। পাশাপাশি দুটি ম্যাচে হয়েছেন ম্যাচসেরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন