বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
expand
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১৫৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। আগে ব্যাট করতে নেমে টাইগাররা তোলে ২৯০ রান, জবাবে অর্ধেকও করতে পারেনি মালয়েশিয়া, থেমেছে ১৩৭ রান করে। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৯০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। দুই ওপেনার জাওয়াদ আবরার এবং ইকবাল হোসেন সুবিধা করতে পারেননি। ইকবাল রানের খাতা খোলার আগেই নিয়েছেন বিদায়। জাওয়াদ ৮ বলে ৫ রান করেন। তিনে নামা কালাম সিদ্দিকী অলিন কিছুটা লড়াই করেছেন। ৫৬ বলে ৩৪ রান করেছেন।

মাঝে ২৬ বলে ২১ রান করেন শাহরিয়ার সাকিব। মোহাম্মদ আব্দুল্লাহ খেলেছেন আসল খেলা। দারুণ এক ফিফটি তুলেছেন। তাকে সঙ্গ দিয়েছেন আহরার আমিন পিয়ান। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দলকে টেনেছেন দুজন। ফিফটি পেয়েছেন আহরারও। সেঞ্চুরির খুব কাছে চলে যান আব্দুল্লাহ। যদিও সেঞ্চুরিটা ছুঁতে পারেননি। ১০০ বলে ৯৪ রান করে সাজঘরে ফিরে গেছেন মোহাম্মদ আব্দুল্লাহ। আহরার খেলেছেন ৬২ বলে ৬১ রানের ইনিংস।

শেষ দিকে ১৮ বলে ১৪ রান করেছেন মাহফুজুর রহমান রাব্বি। ঝড় তোলেন শেখ পারভেজ জীবন। ১৮ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনি। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২৯০ রান করে থেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। মালয়েশিয়ার হয়ে ৪ উইকেট শিকার করেছেন আরিফ উল্লাহ। ২ উইকেট নেন বিজয় উনি। ১টি করে উইকেট তোলেন সাইফ উল্লাহ মালিক এবং মুহাম্মদ আমির।

জবাব দিতে নামা মালয়েশিয়াকে শুরু থেকেই চাপে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়েছে মালয়েশিয়া। আসলাম খান বিন মালিককে ফেরান মাহফুজুর রাব্বি। পরে শারভিন মুনিয়ান্ডিকে বিদায় করেছেন মারুফ মৃধা। এরা কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। টিকে থাকা সাইফ উল্লাহ মালিক ৩৮ বলে ২১ রানের ইনিংস খেলে বিদায় নেন। তাকে ফেরান শেখ পারভেজ জীবন।

চারে নেমেছিলেন বিজয় উনি, ৩৮ বলে ১২ রান করেছেন তিনি। মাঝে সবাই যোগ দিয়েছিলেন আসা-যাওয়ার মিছিলে। ৩ বলে ৪ রান করেন আমির। অধিনায়ক সৈয়দ আজিজ ১৫ বলে করেছেন ৯ রান। ১২ বলে ৪ রান করেছেন আজাব খান। শেষ দিকে আহমেদ জুবাইদি জুলকিফলে দলের হাল ধরেছেন। এক প্রান্ত আগলে রেখে রানও বের করেছেন।

জুবাইদি ফিফটির খুব কাছে চলে যান। তবে ফিফটিটা ছুঁতে পারেননি। ৬৬ বলে ৪২ রান করে থেমেছেন তিনি। তাকে ফিরিয়েছেন শেখ পারভেজ জীবন। শেষ দিকে জীবন ও মারুফ মৃধা মিলে গুঁড়িয়ে দেন মালয়েশিয়ার ইনিংস। প্রশান্ত মাধুকার খেলেছেন ১৪ বলে ৬ রানের ইনিংস। ২৬ বলে ২১ রানের ইনিংস খেলেন সৈয়দ জুনাইদ খান। ধুঁকতে ধুঁকতে ১৩৭ রান করে অলআউট হয়েছে মালয়েশিয়া।

বাংলাদেশের হয়ে মাত্র ১৬ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন শেখ পারভেজ জীবন। ২টি করে উইকেট নেন মারুফ মৃধা এবং স্বাধীন ইসলাম। ১ উইকেট তোলেন মাহফুজুর রাব্বি। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১৪ আগস্ট, তৃতীয় ওয়ানডে ১৬ আগস্ট। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন