বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ বিশ্বকাপে খেলা নিয়েও চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। ফল হিসেবে চলমান এই টুর্নামেন্টে নেই বাংলাদেশ। এদিকে ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টটিতে সরাসরি যোগ্যতা অর্জন নিশ্চিত করার কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ।

নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট সরাসরি খেলার সুযোগ পাবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে। তবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বর্তমানে দশম স্থানে আছে টাইগাররা। এতেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে?

এবারের ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করবে ১৪ দল। এরই মধ্যে স্বাগতিক দল হিসেবে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা এবং এগারতম জিম্বাবুয়ের।

তাদের অবস্থানের পরিবর্তন না হলে নবম বা দশম স্থানে থাকা দলও সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। আর প্রয়োজনীয় র‌্যাঙ্কিংয়ে থাকতে না পারলে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য বাছাই পর্ব খেলতে হবে।

এদিকে বর্তমানে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৭৭ রেটিং নিয়ে ৯ম স্থানে আছে সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ৭৪ রেটিং নিয়ে দশম স্থানে আছে বাংলাদেশ। জিম্বাবুয়ে স্বাগতিক হওয়ায় বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের দৌড়ে ১১তম স্থানে আছে বাংলাদেশ। এজন্য বাছাইপর্ব এড়াতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে নবম স্থানে উঠতে হবে টাইগারদের।

সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হলে বাংলাদেশের জন্য আসন্ন প্রতিটি সিরিজ এবং ম্যাচই গুরুত্বপূর্ণ। আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে। তবে শুধু হোম সিরিজ নয়, সফরকারী দেশ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি এবং জিম্বাবুয়ের সাথে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। যেহেতু এই ম্যাচগুলো আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ। তাই এই সিরিজের ফল ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X