

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে বাবার হাত ধরে থানায় হাজির হয়েছে মাত্র ৩ বছরের এক শিশু। অভিযোগ শুনে প্রথমে হাসি চেপে রাখতে পারেননি দায়িত্বে থাকা নারী পুলিশ কর্মকর্তা। পরে মজার ছলে শিশুটির অভিযোগ লিখে নিয়ে তাতে তার ‘স্বাক্ষরও’ করিয়ে নেন তিনি। মজার এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়েছে।
সাধারণত ছোট শিশুরা বাড়িতেই বাবা-মায়ের কাছে নিজেদের অভিমান, রাগ কিংবা অভিযোগ প্রকাশ করে। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই শিশু নিজের অভিযোগ নিয়ে সরাসরি পুলিশের দ্বারস্থ হয়েছে।
শিশুটির অভিযোগ, তার মা তাকে চকোলেট খেতে দেননি। শুধু তাই নয়, হাতে থাকা চকোলেটও কেড়ে নিয়েছেন। মায়ের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে বাবার সঙ্গে থানায় গিয়ে মায়ের বিরুদ্ধে নালিশ জানায় সে।
থানায় গিয়ে নারী পুলিশ কর্মকর্তার সামনে নিজের অভিযোগ তুলে ধরে শিশুটি। পুলিশ কর্মকর্তাও বেশ মনোযোগ দিয়ে তার কথা শোনেন। শিশুটির অভিযোগের বিষয়টি বুঝতে পেরে শেষ পর্যন্ত হেসে ফেলেন তিনি।
তবে শিশুটিকে নিরাশ না করে মজার ছলেই তার অভিযোগটি ডায়েরিতে লিখে নেন ওই কর্মকর্তা। এরপর শিশুটিকে দিয়ে তাতে স্বাক্ষরও করিয়ে নেন। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
‘সচিন বর্মা’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে ভিডিওটি বহু মানুষ দেখেছেন। পাশাপাশি এতে পড়েছে অসংখ্য লাইক ও মন্তব্য।
ভিডিওটি দেখে নেটিজেনদের অনেকেই শিশুটির সরলতা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, শিশুটির সরলতা এবং আত্মবিশ্বাস সত্যিই প্রশংসনীয়। আরেকজন লিখেছেন, নিজের সমস্যা সমাধানের জন্য ছোট্ট শিশুটি সরাসরি পুলিশের সাহায্য নেওয়ার পথ বেছে নিয়েছে।
মায়ের কাছ থেকে চকোলেট না পাওয়ার ‘অপরাধে’ থানায় অভিযোগ করতে যাওয়া শিশুটির এই কাণ্ড এখন সামাজিক যোগাযোগমাধ্যমে হাসি ও আনন্দের খোরাক হয়ে উঠেছে।


