

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হজরত ইবরাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শে উজ্জীবিত পবিত্র ঈদুল আজহার প্রধান ইবাদত হলো কোরবানি। তবে সামর্থ্য না থাকায় অনেকেই কোরবানি দিতে পারেন না।এতে অনেকেই অপরাধবোধে ভোগেন। অনেকের মনেই প্রশ্ন জাগে সামর্থ্য না থাকলেও কি কোরবানি দিতেই হবে?
আসলে ইসলামে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ইসলাম সর্বদা মানুষের সাধ্য ও সামর্থ্যকে বিবেচনায় নেয়, সাধ্যের অতীত কোনো বোঝা কারো ওপর চাপিয়ে দেয় না।
যদি কেউ তীব্র আর্থিক সংকটের কারণে কোরবানি দিতে অসমর্থ হন, তবে তার কোনো গুনাহ বা পাপ হবে না। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না।’ (সুরা বাকারা, আয়াত: ২৮৬)।
রাসুল (সা.) বলেছেন, ‘আমি যা নিষেধ করেছি, তা থেকে বিরত থাকো; আর আমি যা আদেশ করেছি, তা তোমাদের সাধ্যমতো পালন করো’ (সহিহ মুসলিম, হাদিস: ১,৩৩৭)। এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে ইসলামে সাধ্যের মধ্যে আমল করাই যথেষ্ট। তবে সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি দিতে না পারেন তবে সে ব্যাক্তির উপর কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করে ছিলেন, কিন্তু কোনো কারণে কোরবানি দেওয়া হয়নি, তাহলে ওই পশু জীবিত সদকা করে দেবে। (বাদায়েউস সানায়ে ৪/২০৪, ফাতাওয়া কাজিখান ৩/৩৪৫)
কোরবানি করতে না পারলেও যেসব আমলের মাধ্যমে সওয়াব আদায় হয়-
কোরবানি দিতে না পারলেও পবিত্র ঈদুল আজহার বরকতময় সময়ে অন্যান্য আমলের মাধ্যমে আল্লাহর অশেষ নৈকট্য লাভ করা সম্ভব।
ঈদের দিন সকালেই জামাতে শামিল হয়ে খুৎবা শোনা এবং সবার সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া এর একটি দারুণ মাধ্যম। এছাড়া জিলহজ মাসের প্রথম ১০ দিনে বেশি বেশি তাকবির, তাহলিল ও তাহমিদ পাঠ করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা যায়।
বিশেষ করে জিলহজের নবম দিনে (আরাফার দিন) রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ, যা বিগত ও আগামী এক বছরের গুনাহের কাফফারা হিসেবে গণ্য হয় (সহিহ বুখারি, হাদিস: ১,৯৮৮)।
পাশাপাশি, নিজের সাধ্যমতো সামান্য দান-সদকা করা, মানুষের সাথে হাসিমুখে সদাচরণ করা এবং আত্মীয়-প্রতিবেশীদের খোঁজখবর নিয়ে সুসম্পর্ক বজায় রাখাও ঈদের আনন্দ ও সওয়াবকে বাড়িয়ে দেয়। সর্বোপরি, এই পবিত্র সময়ে আন্তরিক তওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মন পরিশুদ্ধ হয় এবং তাঁর সান্নিধ্য লাভ করা সহজ হয়।
