শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মদিনায় প্রথম হজ কাফেলাকে ফুল দিয়ে বরণ, শুরু হলো হজ মৌসুম

মোঃ কামাল উদ্দিন, সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম
expand
মদিনায় প্রথম হজ কাফেলাকে ফুল দিয়ে বরণ, শুরু হলো হজ মৌসুম

সৌদি আরবের মদিনায় প্রথম হজ কাফেলার আগমনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০২৬ সালের পবিত্র হজ মৌসুম।

শনিবার (১৮ এপ্রিল) প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হজযাত্রীদের ফুল ও খেজুর দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান সৌদি নারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন। প্রথম কাফেলার মাধ্যমে চলতি বছরের হজ কার্যক্রমের সূচনা হয়।

মদিনা বিমানবন্দরে আগত হজযাত্রীদের জন্য আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে তাদের মসজিদে নববীতে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা নামাজ আদায় ও ইবাদতের মাধ্যমে নিজেদের আধ্যাত্মিকভাবে প্রস্তুত করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হজযাত্রীরা কয়েকদিন মদিনায় অবস্থান শেষে মক্কার উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে গিয়ে ইহরাম বেঁধে হজের মূল কার্যক্রমে অংশ নেবেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও বহু হজ ফ্লাইট মদিনা ও জেদ্দা বিমানবন্দরে পৌঁছাবে। হজযাত্রীদের জন্য পরিবহন, আবাসন ও স্বাস্থ্যসেবাসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ হাজিদের সহায়তায় আলাদা টিম কাজ করছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে প্রতি বছর জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন