

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধনী) বিল-২০২৬ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। এ দাবিতে রাজধানীসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াকে অবজ্ঞা করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ যেকোনো আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়া উচিত।
তিনি বলেন, আইন মূলত মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যম। বিশেষ করে মুসলমানদের সম্পত্তি হস্তান্তর, হেবা ও উত্তরাধিকারের মতো স্পর্শকাতর বিষয়ে ইসলামী শরিয়াহর বিধান উপেক্ষা করে কোনো আইন প্রণয়ন করা হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে।
সরকার তড়িঘড়ি করে সংসদে এই সংশোধনী বিল পাস করিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী কাদেরকে খুশি করতে এই বিল তড়িঘড়ি করে পাসের উদ্যোগ নিয়েছেন, তার জবাব দিতে হবে বলেও দাবি করেন খেলাফত মজলিস মহাসচিব।
শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আহমদ আব্দুল কাদের বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে এই বিতর্কিত আইন প্রত্যাহার করুন। মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করুন। শরিয়া বিশেষজ্ঞ ও আলেম-উলামাদের সঙ্গে অধিকতর পর্যালোচনা ও প্রকাশ্য মতামত গ্রহণ করুন।’
খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।



