সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানালো জামায়াতে ইসলামী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৩:২৮ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো ।। ছবি: সংগৃহীত
expand
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো ।। ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের বিরুদ্ধে দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, এই পদক্ষেপ স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয় ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টা এবং গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত।

রোববার (১৫ মার্চ) রাতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।সদ্য গঠিত বিএনপি সরকার এ সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জন আকাঙ্খার বিপরীতে অবস্থান নিলো।’

তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালিত হওয়াই গণতন্ত্রের মৌলিক ভিত্তি। অথচ সরকার অত্যন্ত সুকৌশলে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্পূর্ণ উপেক্ষা করে একের পর এক প্রশাসক নিয়োগ দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয় ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ সিদ্ধান্ত জনগণের ভোটাধিকার ও প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থার প্রতি সরাসরি আঘাত। নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর পরিবর্তে নিয়োগনির্ভর ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত রাখার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত।’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘স্থানীয় সরকারকে শক্তিশালী করার নামে সরকারের এ পদক্ষেপ আসলে গণতন্ত্রকে দুর্বল করার আরেকটি অপচেষ্টা। জনগণের ভোট ও মতামতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগের এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক ধারা ও রাজনৈতিক সংস্কৃতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। আমরা মনে করি, এই সিদ্ধান্ত সরকারের জন্যই বুমেরাং হবে।’

তিনি উল্লেখ করেন, ‘জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা, গণহত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করা এবং প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়া। এর প্রাথমিক ধাপ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে জনগণ প্রত্যাশা করেছিল স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে শাসন কার্যকর হবে। কিন্তু সরকার দলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে জনগণের আশা ভঙ্গ করেছে। এটি নৈতিকভাবে অত্যন্ত নিন্দনীয় এবং জনগণের সঙ্গে প্রতারণার শামিল।’

বিবৃতিতে তিনি সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন, অবিলম্বে এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করে জেলা পরিষদে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব অর্পণ করতে। একই সঙ্গে দেশের গণতন্ত্রকামী জনগণকে স্থানীয় সরকার ব্যবস্থায় তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন