বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি নিয়ে মন্তব্যে তোলপাড়, ফুয়াদকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম নাছিরের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৪:১২ পিএম আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি: সংগৃহীত
expand
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তার বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ ও ‘ইতিহাসের ভুল ব্যাখ্যা’ আখ্যা দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুর ১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাছির এ দাবি জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ব্যারিস্টার ফুয়াদের এত আক্রোশের কারণ কী? কারণ একটাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে বাংলাদেশের পক্ষে ভূমিকা রেখেছে। আর সেই সব সময়েই ফুয়াদ সাহেবের প্রিয় সংগঠন জামায়াতে ইসলামী বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে।’

তিনি আরও লেখেন, ‘১৯৪৭ সালের দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয়, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন—প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের সঠিক পক্ষে ছিল। বিপরীতে জামায়াতে ইসলামী ছিল দেশ ও জনগণের বিপক্ষে।’

নাছিরের ভাষ্য, ‘এই ঐতিহাসিক ভুলের গ্লানি ও ক্ষোভই ফুয়াদ সাহেবরা মননে লালন করেন।’

ব্যারিস্টার ফুয়াদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে ছাত্রদলের এই নেতা বলেন, ‘তার বক্তব্য শুধু ঔদ্ধত্যপূর্ণ নয়, এটি ইতিহাসেরও ভুল ব্যাখ্যা। এ বক্তব্যের মাধ্যমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করার অপচেষ্টা করেছেন।’

পোস্টের শেষাংশে নাছির বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর ও অসত্য বক্তব্য দেওয়ার জন্য ব্যারিস্টার ফুয়াদকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে অতি দ্রুত ওই বক্তব্য প্রত্যাহার করতে হবে।’

এর আগে বুধবার (০১ জুলাই) ঢাবির প্রাসঙ্গিকতা, শিক্ষার মান এবং শিক্ষকদের আদর্শিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ডাকসু অফিসে আয়োজিত ‘বাঙালি মুসলমানের জাগরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রশ্ন তুলেছেন, গত ৫০ থেকে ৭০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশের লাভের চেয়ে ক্ষতি বেশি করেছে কিনা এবং এই বিশ্ববিদ্যালয় বর্তমানে সচল থাকার কোনও প্রয়োজন আছে কিনা।

এছাড়া ফুয়াদ আরও বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট ক্রিমিনাল টাউট বাটপার তৈরি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কালকে চোখ বন্ধ করে চিন্তা করেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়টা শাটডাউন করে দেওয়া হলো। দেশের কি ক্ষতি হবে?’

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তার এ প্রতিক্রিয়া জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup