

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স ঘিরে অনিয়ম, দুর্নীতি, দালালনির্ভরতা, সরকারি রেকর্ডের নিরাপত্তা এবং নিয়োগপত্রবিহীন ব্যক্তিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে। এসব অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে গত ৯ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মো. রফিকুল ইসলাম গাজী (জি এম রফিক) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
থানায় দেওয়া লিখিত অভিযোগে সাংবাদিক রফিকুল ইসলাম গাজী দাবি করেন, গত ৯ সেপ্টেম্বর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তিনি সেখানে যান। এ সময় সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে তাঁর কথা হয়।
অভিযোগ অনুযায়ী, পরবর্তী সময়ে একাধিক ব্যক্তি তাঁকে ঘিরে উত্তেজিত আচরণ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি দেন।
অভিযোগে মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসের ওমেদার আওলাদ ওরফে ব্লেট আওলাদ, সদর রেজিস্ট্রি অফিসের রাসেল ওরফে পটুরাসেল, লম্বু রাসেল ওরফে ইয়াবা রাসেল, তেজগাঁও ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কমিশনার শফীর ব্যক্তিগত চালক কামাল ওরফে মাতাল কামাল, ট্যাবলেট হামিদ এবং পল্লবী সাব-রেজিস্ট্রি অফিসের ব্লেট রাজিবসহ কয়েকজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। এছাড়া রেজিস্ট্রি কমপ্লেক্সের উমেদারদের একটি সংগঠনের কয়েকজনের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে খিলগাঁও সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহকে ঘিরেও গুরুতর অভিযোগ উঠেছে। আইন মন্ত্রণালয়ে দেওয়া একটি লিখিত অভিযোগে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার, গুরুত্বপূর্ণ পদায়ন এবং দায়িত্ব পালনকালে অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের অভিযোগ করা হয়েছে।
অভিযোগে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় তিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন হিসেবে নিজের পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করতেন এবং গুরুত্বপূর্ণ কয়েকটি পদায়ন পেয়েছিলেন।
সাভার, টঙ্গী, গাজীপুর, রূপগঞ্জ ও মুন্সীগঞ্জে দায়িত্ব পালনকালে অনিয়মের মাধ্যমে অর্থ উপার্জনেরও অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাঁর বর্তমান পদায়ন, দায়িত্ব পালনের ধরন এবং সম্পদের উৎস তদন্তের দাবি জানানো হয়েছে।
অভিযোগকারীদের আরও দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পরও রাজনৈতিক পরিচয় পরিবর্তনের মাধ্যমে তিনি একই ধরনের প্রভাব বজায় রাখছেন।
তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর বক্তব্যও এই প্রতিবেদনের সময় পাওয়া যায়নি।
অভিযোগকারীদের ভাষ্য, অতীতে রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ থাকা কোনো ব্যক্তি যদি পরবর্তী সময়েও প্রশাসনিক কাঠামোর ভেতরে প্রভাবশালী অবস্থান ধরে রাখেন এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত না হয়, তাহলে রেজিস্ট্রেশন খাতে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা কঠিন হবে।
তাঁরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের নিন্দা
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ১০ সেপ্টেম্বর লিখিত প্রতিবাদ জানিয়েছে।
বিবৃতিতে পেশাগত দায়িত্ব পালনের সময় জি এম রফিকের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
ডিইউজে বলেছে, রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশ তৈরির দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বলেও সংগঠনটি উল্লেখ করেছে।
খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের প্রতিবাদ
একই ঘটনায় ঢাকায় কর্মরত খুলনা বিভাগের সাংবাদিকদের সংগঠন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সংগঠনটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
তাদের বক্তব্য, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর হামলা মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। হামলায় কোনো কর্মকর্তা-কর্মচারী ইন্ধন দিয়ে থাকলে বা সরাসরি জড়িত থাকলে তাঁদেরও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
আগামী রোববারের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।



