

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সংসদ সদস্যদের ফোন হ্যাক করে তাদের পরিচয়ে টাকা চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ ধরনের প্রতারণার বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শেষ দিনে দেওয়া বক্তব্যে চিফ হুইপ এসব জানান।
নূরুল ইসলাম মনি বলেন, ‘গতকাল আমার কাছে তিনজন সংসদ সদস্যের ফোন নম্বর থেকে জরুরি ভিত্তিতে টাকা পাঠানোর অনুরোধ এসেছে। এর মধ্যে একটিতে ৫০ হাজার টাকা, আরেকটিতে ৩০ হাজার টাকা এবং অন্যটিতে ২৫ হাজার টাকা পাঠাতে বলা হয়।’
সরকারি দলের চিফ হুইপ বলেন, ‘যেসব নম্বর থেকে বার্তা এসেছে, সেসব সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাদের ফোনে কল করা হলেও কেউ ফোন ধরেননি। পরে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় যে, তাদের ফোন হ্যাক করা হয়েছে।’
সংসদ সদস্যদের উদ্দেশে নূরুল ইসলাম মনি বলেন, ‘এ বিষয়ে সবাইকে যথেষ্ট সচেতন হতে হবে। বিষয়টি সংসদে জানানো হলে দেশের মানুষও এ ব্যাপারে সতর্ক হতে পারবেন।’
তিনি বলেন, ‘ভয়েস ক্লোন করেও এ ধরনের প্রতারণা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন কাগজপত্র ব্যবহার এবং স্বাক্ষরে কারসাজি করে ভুয়া নথি তৈরি করে প্রতারণার ঘটনাও ঘটছে।’
তিনি আরও বলেন, ‘বিরোধী দলের অনেক সংসদ সদস্য এ ধরনের ঘটনার শিকার হয়েছেন। সরকারি দলের অনেক সংসদ সদস্যও একই সমস্যায় পড়েছেন।’ তাই সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ ছাড়া সংসদ ভবনে প্রবেশের ক্ষেত্রে ফেস রিকগনিশন ব্যবস্থা ব্যবহারের ওপর গুরুত্ব দেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘সংসদ ভবনের বিভিন্ন লবিতে ফেস রিকগনিশন ডিভাইস রয়েছে। সংসদ সদস্যদের পরবর্তী সময়ে এই ব্যবস্থার মাধ্যমে সংসদ ভবনে প্রবেশের জন্য অফিস থেকে আমাকে জানানো হয়েছে।’
অধিবেশনের শেষ দিন হওয়ায় সংসদ সদস্যরা সংসদ ভবন থেকে বের হওয়ার সময়ও ফেস রিকগনিশনের মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করবেন বলে জানান চিফ হুইপ।

