বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চিন্ময় কৃষ্ণ দাসের মা মারা গেছেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর (৭১) মারা গেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৪ মিনিটের দিকে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর আগে গত মঙ্গলবার নিজেই এই আশ্রমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। চিন্ময় কৃষ্ণ দাসও দীর্ঘদিন এই আশ্রমে থাকতেন।

এর আগে অসুস্থ হয়ে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। স্বাস্থ্য পরীক্ষায় তার ক্যানসার শনাক্ত হয়। তবে হাসপাতালে থাকতে চাইছিলেন না সন্ধ্যা রাণী ধর। ছেলের আশ্রমেই জীবনের শেষ সময় কাটানোর ইচ্ছা ছিল তার।

চিন্ময় কৃষ্ণ দাসের বড় ভাই রঞ্জন কুমার ধর জানান, আমরা এখন মায়ের মরদেহ নিয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছি। সেখান থেকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে আমার ভাইয়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করব। আমাদের মায়ের শেষকৃত্য হাটহাজারীর পুণ্ডরীক ধামে সম্পন্ন হবে।

পরিবার সূত্রে জানা গেছে, ছেলে দীর্ঘদিন কারাগারে থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সন্ধ্যা রাণী ধর। ছেলের অসুস্থতার খবর, বারবার জামিন না হওয়া এবং কারাগার থেকে মুক্তি না পাওয়ায় তিনি গভীর দুশ্চিন্তায় ছিলেন। সর্বশেষ ছেলের জামিন শুনানিকে ঘিরে আশাবাদী হলেও জামিন না হওয়ায় তার উদ্বেগ আরও বেড়ে যায়।

এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, দীর্ঘদিনের মানসিক চাপের মধ্যে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার হৃদ্‌যন্ত্রেও জটিলতা দেখা দেয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা চলছিল।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বর্তমানে কারাগারে রয়েছেন। অসুস্থ মাকে দেখতে তাকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank