বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিটি শিশুর মাতৃভাষায় এআই ব্যবহার করতে নিশ্চয়তা বিধান জরুরি: শিক্ষামন্ত্রী 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
expand

এআই মডেল উদ্ভাবনী প্রক্রিয়াতে প্রতিটি শিশু যেন তাদের মাতৃভাষায় এআই ব্যবহার করতে পারে তার নিশ্চয়তা বিধান করা প্রয়োজন। এ বিষয়ে উদ্যোগী হতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

গতকাল (৮ সেপ্টেম্বর) ইউনেস্কো আয়োজিত “ডিজিটাল লার্নিং উইক ২০২৬” প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এ আহ্বান জানান।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) আয়োজিত “ডিজিটাল লার্নিং উইক ২০২৬” প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ৮-১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। “কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা:ফ্যাক্টস, ফ্রিকশনস, ফ্রন্টিয়ার্স” প্রতিপাদ্যে আয়োজিত এ আয়োজনে বিশ্বের ২৫টি দেশের শিক্ষামন্ত্রী পর্যায়ের প্রতিনিধিসহ উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্যানেলের পর্যবেক্ষণ তুলে ধরেন জাতিসংঘের ডিজিটাল ও উদীয়মান প্রযুক্তিবিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল ও বিশেষ দূত অমনদীপ সিং গিল।

মন্ত্রী পর্যায়ের " এইজ এপ্রোপ্রিয়েটনেস এন্ড এ আই ইন এডুকেশন " শীর্ষক গোলটেবিল বৈঠকে বাংলাদেশের শিক্ষামন্ত্রী বাংলাদেশের খসড়া “জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা ২০২৬-২০৩০”-এর বিষয়ে তুলে ধরেন। তার বক্তব্যে তিনি বলেন, অনিয়ন্ত্রিত জেনারেটিভ প্রযুক্তি শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ও মানসিক বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ শিক্ষকদের জন্য একটি বিশেষায়িত প্রশিক্ষণ ম্যানুয়াল প্রণয়ন করেছে, যা পাঠ পরিকল্পনা ও শিক্ষাদানে শিক্ষকদের সহায়ক ভূমিকা পালন করবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, বৈশ্বিক এআই মডেলগুলো প্রায়ই বাংলাভাষী শিক্ষার্থীদের চাহিদা পূরণে ব্যর্থ হয়। তাই ভাষাগত ও ডিজিটাল বিভাজন দূরীকরণে বাংলাদেশ বাংলা ভাষায় এমন প্রযুক্তি গড়ে তোলার প্রচেষ্টা করছে যা জাতীয় দক্ষতাভিত্তিক পাঠ্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ। এসময় তিনি শিশুদের তথ্য সুরক্ষা ও গোপনীয়তা রক্ষার বিষয়টিও গুরুত্বের সাথে তুলে ধরেন। শিক্ষামন্ত্রীর বক্তব্য বিভিন্ন দেশ হতে আগত মন্ত্রী, ইউনেস্কো ও উপস্থিত বিশেষজ্ঞদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়।

আজ (৯ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী ইউনেস্কো সদর দপ্তরে অনুষ্ঠেয় “বিয়ন্ড দ্য পাইলট: ইনসাইটস ফ্রম এআই ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাট স্কেল” এবং “টিচার্স অ্যাট দ্য সেন্টার: এজেন্সি, কম্পিটেন্সিজ অ্যান্ড দ্য টিচার-স্টুডেন্ট রিলেশনশিপ” শীর্ষক দুটি পার্শ্ব-অধিবেশনেও অংশগ্রহণ ও বক্তব্য প্রদানের কথা রয়েছে। এছাড়াও, সভা চলাকালীন সময়ে ইউনেস্কোতে আগত বিভিন্ন দেশের মন্ত্রী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সাথে শিক্ষামন্ত্রীর সাইডলাইন বৈঠক করার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank