সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন সাংবাদিক শওকত মাহমুদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৮:৫৮ পিএম
শওকত মাহমুদ
expand
শওকত মাহমুদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক ভাইস চেয়ারম্যান এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ কারাগার থেকে জামিন পেয়েছেন।

সোমবার (২৫ মে) তিনি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিন পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শওকত মাহমুদের ব্যাক্তিগত সহকারী মোঃ সাকিব।

এর আগে গত ১ এপ্রিল তার জীবন বাঁচাতে এবং নিঃশর্ত মুক্তির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন শওকত মাহমুদের বড় মেয়ে মেহেত মামুন।

কারাবন্দী সাংবাদিক শওকত মাহমুদের জীবন সংকটাপন্ন, শারীরিক অবস্থা চিত্র তুলে ধরে তার চিকিৎসার অভাব রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন পাঠিয়েছেন মেহেত মামুন। আবেদনে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী এই সাংবাদিক নেতা দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, সিওপিডি (COPD), শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। ২০০৪ সালে তার হৃদযন্ত্রে ৬টি বাইপাস সার্জারি করা হয়েছিল এবং পরবর্তীতে ২০১৩ ও ২০২২ সালে আরও ৪টি রিং (স্টেন্ট) বসানো হয় । গত বছরের ৭ ডিসেম্বর গ্রেপ্তারের পর রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত ৬ জানুয়ারি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি চলনশক্তি হারিয়েছেন এবং তার জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম হয়েছে বলে তার কন্যা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আবেদনে উল্লেখ করেন।

রাজনৈতিক প্রেক্ষাপট ও আইনি জটিলতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আবেদনে বলা হয়, গত বছরের ৭ ডিসেম্বর তাকে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একটির পর একটি মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।

পরিবারের দাবি, আওয়ামী শাসনামলে ৭০টি মামলার শিকার হয়েও তিনি কখনও আদর্শের প্রশ্নে আপস করেননি। অথচ বর্তমান সময়ে একটি কুচক্রী মহল ভুল তথ্য দিয়ে তাকে দল ও নেতৃত্বের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে, যার ফলে তাকে দলের পদ থেকেও অব্যাহতি পেতে হয়েছে।

প্রধানমন্ত্রী বরাবর চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন আওয়ামী দুঃশাসনের রোষানলে পড়ে শওকত মাহমুদের পরিবার চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সার্বিকভাবে পুরো পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত। মেহজত মামুন তার চিঠিতে উল্লেখ করেছেন, ইউটিলিটি বিল পরিশোধ করতে না পারা এমনকি পরিবারের একমাত্র সম্বল মায়ের ব্যক্তিগত গাড়িটি বিক্রি করে তাঁদের সংসার চালাতে হয়েছে। বর্তমানে একদিকে আইনি লড়াইয়ের খরচ এবং অন্যদিকে বাবার ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে ।

এর আগে গত ৭ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব জ্যেষ্ঠ সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন