

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার কেরানীগঞ্জ কালিন্দী এলাকায় ছুরিকাঘাতে জাহাঙ্গীর নামে (৪২) এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত হুমায়ূনকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো চাকুও উদ্ধার করা হয়েছে।
রোববার (২৪ মে) বিকেল ৬টার দিকে কালিন্দী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং পরে পুলিশকে খবর দেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল থেকেই ৪ হাজার ২০০ টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে জাহাঙ্গীর ও হুমায়ূনের মধ্যে বিরোধ চলছিল। নিহত জাহাঙ্গীর টাকা দেয়ার কথা বলে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দুইজনের মধ্যে একাধিকবার কথা কাটাকাটি হয়।
বিকেলের দিকে সেই বিরোধ চরম আকার ধারণ করলে ক্ষিপ্ত হয়ে হুমায়ূন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাহাঙ্গীর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত হুমায়ূনকে আটক রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকুটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুস জানান, “ঘটনাস্থল থেকেই আসামিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।