সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে ধর্ষণ: সাংবাদিক নেতার বিরুদ্ধে মানববন্ধন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৫:০৫ পিএম আপডেট : ২৫ মে ২০২৬, ০৫:০৮ পিএম
মানববন্ধন
expand
মানববন্ধন

সাংবাদিক নেতা খোন্দকার আলমগীর হোসেন-এর বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলন, ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও দীর্ঘদিন হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেসক্লাব-এর সামনে “নারী সাংবাদিক ঐক্য” ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক আয়শা সিদ্দিকা ও সদস্য সচিব জেসমিন জুই বক্তব্য রাখেন।

বক্তব্যে জেসমিন জুই বলেন, “এমন কলঙ্কিত ব্যক্তি যদি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের মতো ঐতিহ্যবাহী সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে নারী সাংবাদিকরা শঙ্কিত ও ভীতসন্ত্রস্ত বোধ করেন।”

তিনি আরও বলেন, সাংবাদিক সমাজের মর্যাদা রক্ষায় খোন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মানববন্ধন থেকে বক্তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, আলোকচিত্রী ও ক্যামেরাপারসন উপস্থিত ছিলেন।

এদিকে এসব অভিযোগের প্রেক্ষিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) তার সদস্যপদ স্থগিতসহ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৬ এর (গ), ৬(২) ও ৬(৩)-এ উল্লেখিত বিধান অনুসরণ করে ইউনিয়নের স্বার্থ, শৃঙ্খলা, নৈতিক স্খলন ও সুনামহানিকর কার্যকলাপের অভিযোগে খোন্দকার আলমগীর হোসেনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে কেন তার সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

ডিইউজে আরও জানায়, খোন্দকার আলমগীর হোসেন সংগঠনের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৯ অনুযায়ী নির্বাহী পরিষদের সদস্যদের মধ্য থেকে নতুন করে কাউকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হবে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন