

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ড. এস পল কাপুর সরকারি সফরে আজ মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা পৌঁছেছেন। ঢাকায় দেশটির দূতাবাস তার পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দল ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিদের সঙ্গে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি রয়েছে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিপক্ষীয় বাণিজ্য, প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তাখাতে সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয় পল কাপুরের আলোচনায় আসতে পারে। সম্প্রতি দুই দেশের মধ্যে সই হওয়া চুক্তি ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রেকাল ট্রেড - এআরটি’ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও তিনি আলোচনা করতে পারেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশে ক্ষমতার পালাবদল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি হলেন যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে ঢাকায় আসা সর্বোচ্চ কর্মকর্তা।
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক ড. এস পল কাপুর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান প্রশাসনে সহকারী মন্ত্রী নিযুক্ত হন। তিনি সহকারী মন্ত্রী হিসেবে সাবেক ডেমোক্র্যাট প্রশাসনের ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হন।
পল কাপুর দিল্লি হয়ে ঢাকা এসেছেন। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের প্রভাব কমানোর ওপর তিনি গুরুত্ব দিতে পারেন। এর বাইরে মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা, পাকিস্তান, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে।
মন্তব্য করুন
