মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হেলমেট পরলে কি চুল পড়ে, যা বলছে বিশেষজ্ঞরা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ১১:৩৩ এএম
এআই দিয়ে তৈরি ছবি।
expand
এআই দিয়ে তৈরি ছবি।

বাইক চালানোর সময় হেলমেট এখন শুধু নিরাপত্তার জন্য নয়, আইন মেনেও পরতে হয়। তবে অনেকের মনেই একটি সাধারণ প্রশ্ন ঘুরপাক খায়, নিয়মিত হেলমেট পরলে কি চুল পড়ে যায় বা টাক পড়ার ঝুঁকি বাড়ে?

অনেকেই চুল পড়ার জন্য সরাসরি হেলমেটকে দায়ী করেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, হেলমেট নিজে থেকে চুল পড়া বা টাকের কারণ নয়। বরং কিছু ভুল অভ্যাস এবং মাথার ত্বকের অযত্ন থেকেই মূল সমস্যা তৈরি হয়।

চুল পড়ার আসল কারণ কী? চিকিৎসকদের মতে, পুরুষদের চুল পড়ার সবচেয়ে বড় কারণ হলো জিনগত সমস্যা বা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। অর্থাৎ পরিবারের অন্য সদস্যদের টাক পড়ার ইতিহাস থাকলে সেই ঝুঁকি বাড়ে।

অন্যদিকে নারীদের ক্ষেত্রে থাইরয়েড, হরমোনের ভারসাম্যহীনতা, পিসিওডি, মানসিক চাপ, অপুষ্টি কিংবা রক্তস্বল্পতার মতো কারণেও চুল পাতলা হতে পারে।

হেলমেট পরলে এসব সমস্যার কারণে চুল পড়া আরও চোখে পড়তে পারে, তাই অনেকেই ভুল করে হেলমেটকেই দোষ দেন।

তাহলে হেলমেটে সমস্যা কোথায়?

হেলমেট ভুলভাবে ব্যবহার করলে চুলের ক্ষতি হতে পারে।

অতিরিক্ত টাইট হেলমেট: হেলমেট খুব আঁটসাঁট হলে চুলের গোড়ায় টান পড়ে। দীর্ঘদিন এমন হলে চুল দুর্বল হয়ে ঝরতে শুরু করতে পারে। একে ট্র্যাকশন অ্যালোপেশিয়া বলা হয়।

ঘাম ও খুশকি: গরমে দীর্ঘক্ষণ হেলমেট পরে থাকলে মাথায় ঘাম জমে। সেই ঘামের সঙ্গে ধুলোবালি মিশে মাথার ত্বকে ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণ হতে পারে। ফলে খুশকি বাড়ে, আর খুশকি চুল পড়ার অন্যতম কারণ।

চুল ভেঙে যাওয়া: শক্ত করে চুল বাঁধার ওপর হেলমেট পরলে ঘর্ষণের কারণে চুল ভেঙে যেতে পারে। বিশেষ করে লম্বা চুলের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়।

কিছু সহজ অভ্যাস মেনে চললে হেলমেট ব্যবহার করেও চুল ভালো রাখা সম্ভব।

সঠিক মাপের হেলমেট ব্যবহার করুন: হেলমেট যেন খুব টাইট বা খুব ঢিলা না হয়। মাথার মাপ অনুযায়ী আরামদায়ক হেলমেট বেছে নেওয়া জরুরি।

পরিষ্কার কাপড় ব্যবহার করুন: হেলমেট পরার আগে মাথায় পাতলা সুতির কাপড় বা ব্যান্ডানা ব্যবহার করলে ঘাম কম জমে এবং চুলের ঘর্ষণও কম হয়।

ভেজা চুলে হেলমেট পরবেন না: ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে। তখন হেলমেট পরলে চুল বেশি ভাঙতে পারে।

হেলমেট নিয়মিত পরিষ্কার করুন: হেলমেটের ভেতরের প্যাড বা ফোমে ঘাম ও ময়লা জমে জীবাণু তৈরি হতে পারে। তাই নিয়মিত পরিষ্কার করা জরুরি।

মনে রাখবেন, নিরাপত্তাই সবার আগে। চুলের যত্ন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু নিরাপত্তার সঙ্গে কখনো আপস করা উচিত নয়। দুর্ঘটনার সময় একটি ভালো হেলমেট জীবন বাঁচাতে পারে। তাই হেলমেট পরা বন্ধ না করে বরং সঠিকভাবে ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন।

সঠিক যত্ন নিলে হেলমেটও পরবেন, আবার চুলের স্বাস্থ্যও ভালো থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন