

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার নীলফামারী-৩ আসনের (সংরক্ষিত) সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানার রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে আওয়ামী লীগ নেত্রী আশিকা সুলতানাকে আদালতে হাজির করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২৫ জুন রাত ১১টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত প্রথম দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৯ জুন দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুন মিরপুর-১ এলাকার এপেক্স শোরুমসংলগ্ন বাটা শোরুমের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ব্যানার-ফেস্টুন ফেলে ঘটনাস্থল থেকে সরে যান।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে পুলিশ দাবি করে, মিছিলটি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করে। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়।

