বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনলো হোয়াটসঅ্যাপ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধা চালুর ফলে হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকগ্রাউন্ড নিজের পছন্দমতো সাজানোর পাশাপাশি অ্যানিমেটেড ওয়ালপেপারও ব্যবহার করা যাবে। নতুন যুক্ত হওয়া চ্যাট থিমগুলো পাঁচটি বিভাগে সাজানো থাকায় ব্যবহারকারীরা সহজেই নিজেদের পছন্দের থিম ব্যবহার করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাট থিমের নতুন বিভাগগুলো হলো ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল। এর মধ্যে ফিচারড বিভাগে হোয়াটসঅ্যাপের নকশা দলের বাছাই করা বিভিন্ন থিম থাকবে। নেচার বিভাগে চ্যাটের ব্যাকগ্রাউন্ডে প্রকৃতির বিভিন্ন দৃশ্য ব্যবহার করা যাবে। নতুন থিমের লাইভ বিভাগে থাকবে অ্যানিমেটেড ওয়ালপেপার।

ডব্লিউআবেটাইনফোর প্রতিবেদনের তথ্যমতে, থিমের থাম্বনেইলের ওপরের ডান দিকে ছোট ‘লাইভ’ চিহ্ন দেখে ব্যবহারকারীরা সহজেই অ্যানিমেটেড ওয়ালপেপার শনাক্ত করতে পারবেন। ফিচারড বিভাগে থাকা কোনো থিমে অ্যানিমেটেড ওয়ালপেপার থাকলেও একই চিহ্ন দেখা যাবে। মিনিমাল বিভাগে চ্যাটের ব্যাকগ্রাউন্ড হবে সাদামাটা। লাইট মোডে ব্যাকগ্রাউন্ডের রং সাদা ও ডার্ক মোডে কালো থাকবে। আর ডুডল বিভাগে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপের পরিচিত ডুডল নকশার ওয়ালপেপার।

নতুন চ্যাট থিমের সুবিধা ধাপে ধাপে আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। ফলে হোয়াটসঅ্যাপ হালনাগাদ করলেও সবাই এখনই নতুন এই সুবিধা দেখতে পাবেন না। গত ১৩ আগস্ট নাইনটুফাইভম্যাক হোয়াটসঅ্যাপের কোড বিশ্লেষণ করে নতুন থিম গ্যালারির বিষয়ে আগাম তথ্য প্রকাশ করেছিল। এবার সেই সুবিধাই আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।

সূত্র: নাইনটুফাইভম্যাক

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank