মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ঝামেলা এড়াতে আগে থেকেই নেবেন যেসব প্রস্তুতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৪:০৭ পিএম আপডেট : ২৬ মে ২০২৬, ০৪:১২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মাত্র একদিন পরেই পালিত হতে যাচ্ছে ঈদুল আজহা। কোরবানি ঈদের আগে গৃহকর্তা ও গৃহিণীদের কাজ আরও বেড়ে যায়। কারণ ঈদুল আজহার আগে অনেক কাজ আছে যেগুলো গুছিয়ে রাখতে হয়।

না হলে ঈদের দিন পড়তে হয় বিপাকে। এটা সেটা হাতের কাছে না পেলে যেমন ঈদের দিন বিরক্ত হবেন, সেইসঙ্গে সময়ও নষ্ট হবে। আবার ঈদের আগের দুতিন দিনে বাজারে জিনিসের দামও বেড়ে যায়। তাই ঈদুল আজহার প্রস্তুতি নিন এখন থেকেই।

মসলার বাজার করা রাখা-

কোরবানিতে প্রতিটি পদেই আলাদা মসলার প্রয়োজন। তবে ঈদের আগের দিন মসলার দোকানে গেলে ভিড়ের মধ্যে পছন্দমতো জিনিস পাওয়া কঠিন হয়ে যেতে পারে, আর দামও হতে পারে বেশি। তাই সময় থাকতে মসলাসহ অন্যান্য উপাদান, যেমন ঘি, সরিষার তেল, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মসলা কিনে রাখলে সুবিধা হয়।

মাংস সংরক্ষণের প্রস্তুতি-

কোরবানির মাংস সঠিকভাবে সংরক্ষণ করার জন্য আগে থেকেই ফুড গ্রেড পলিব্যাগ, জিপলক ব্যাগ, অ্যালুমিনিয়াম ফয়েল এবং প্লাস্টিক বা স্টিলের কনটেইনার কিনে রাখা উচিত। মাংস রাখার পর কোন প্যাকেটে কী আছে তা সহজে বোঝার জন্য মার্কার বা লেবেল স্টিকার ব্যবহার করা বেশ সুবিধাজনক।

এছাড়া, মাংস সবসময় ছোট ছোট ভাগে প্যাকেট করে রাখা বুদ্ধিমানের কাজ; এতে প্রতিবার রান্নার সময় পুরো প্যাকেট না খুলে শুধু প্রয়োজনমতো বের করা যায়। কারণ, ফ্রিজের মাংস একবার গলানোর পর তা পুনরায় বরফ করা বা জমানো একদমই ঠিক নয়।

মাংস কাটার সরঞ্জাম প্রস্তুত-

কোরবানির দিন মাংস কাটার সময় ছুরি ভোঁতা পাওয়া বা খুঁজে না পাওয়া বিপদ, কারণ সেদিন দোকানপাট সাধারণত বন্ধ থাকে বা খোলা থাকলেও ভিড় থাকে। তাই এই ঝামেলা এড়াতে আগে থেকেই ছুরি এবং কাটিং বোর্ড ঠিকঠাক আছে কি না তা যাচাই করে নেওয়া জরুরি।

মাংস কাটার কাজ সহজ ও পরিচ্ছন্ন রাখতে ডিসপোজেবল গ্লাভস, টিস্যু এবং পরিষ্কার কাপড়ও হাতের কাছে রাখা উচিত

পরিষ্কারের উপকরণ প্রস্তুত-

কোরবানির পর দুর্গন্ধ ও জীবাণুর ঝুঁকি এড়াতে রক্ত ও বর্জ্য দ্রুত পরিষ্কার করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। তবে ঈদের দিনগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী পাওয়া কঠিন হতে পারে। তাই আগে থেকেই ব্লিচিং পাউডার, জীবাণুনাশক স্প্রে, ফ্লোর ক্লিনার, ময়লার বড় ব্যাগ, ব্রাশ এবং মোপ কিনে রাখা উচিত

তালিকা প্রস্তুত-

ঈদের সময়ে অতিরিক্ত কেনাকাটা ও অপ্রয়োজনীয় খরচ এড়াতে বাজারে যাওয়ার আগেই একটি বাজেট তালিকা তৈরি করা উচিত। এই তালিকাকে জরুরি, প্রয়োজনীয় এবং অতিরিক্ত- এই তিন ভাগে ভাগ করে নিলে হিসাব মেলানো সহজ হয়।

ছোট্ট একটু পূর্বপরিকল্পনা আর সময়মতো কেনাকাটাই কোরবানির ঈদের ব্যস্ততাকে দূর করে উৎসবকে আনন্দময় করে তুলতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন