বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ফের আতিফের কনসার্ট, পুরনো টিকিটধারীদের জন্য সুখবর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০২:৫৪ পিএম
জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ফাইল ছবি
expand
জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’। গত বছর স্থগিত হয়ে যাওয়া কনসার্টটি নতুন করে আয়োজনের মাধ্যমে ভক্তদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকরপোরেটেড।

গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টিকিট বিক্রি ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় অনুষ্ঠানের মাত্র দুই দিন আগে কনসার্টটি স্থগিত করা হয়।

তবে তখনই আয়োজকরা জানিয়েছিলেন, অনুষ্ঠানটি বাতিল করা হয়নি; বরং উপযুক্ত সময়ে পুনরায় আয়োজন করা হবে। একই সঙ্গে আতিফ আসলামও বাংলাদেশের ভক্তদের আশ্বস্ত করে বলেছিলেন, তিনি আবারও বাংলাদেশে ফিরবেন এবং আগের কনসার্টের টিকিট পুনর্নির্ধারিত অনুষ্ঠানের জন্য বৈধ থাকবে।

অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যান্য অনুমতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কনসার্টের ভেন্যু শিগগিরই ঘোষণা করা হবে।

পুরনো টিকিটধারীদের জন্য সুখবর

২০২৪ সালের স্থগিত হওয়া কনসার্টের জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং কোনো অতিরিক্ত খরচ ছাড়াই তা পৌঁছে দেওয়া হবে।

এ ছাড়া যারা আগে রিফান্ডের জন্য আবেদন করেছিলেন, তারাও সেই আবেদন প্রত্যাহার করে টিকিট পুনর্বহালের সুযোগ পাবেন। তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করা হবে।

নতুন দর্শকদের জন্য সীমিত সংখ্যক টিকিট বিক্রি করা হবে। টিকিটের মূল্য, ক্যাটাগরি ও বিক্রির তারিখ শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে আয়োজকরা।

মেইন স্টেজ ইনকরপোরেটেডের পরিচালক কাজী রাফসান বলেন, ‘গত বছর কনসার্টটি স্থগিত হওয়ার পর আমরা দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুযোগ পেলেই এই আয়োজন আবার ফিরিয়ে আনব। প্রয়োজনীয় সব অনুমোদন ও প্রস্তুতি সম্পন্ন করে আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি। ২৪ জুলাই গত বছরের অসমাপ্ত অধ্যায়টির পূর্ণতা দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু একটি কনসার্ট নয়, এটি আমাদের দেওয়া একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন। যারা গত বছর টিকিট কিনেছিলেন, তাদের কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই নতুন টিকিট দেওয়া হবে।’

আয়োজকদের ভাষ্য, কনসার্টের ভেন্যু, টিকিট বিক্রির তারিখ এবং অন্যান্য বিস্তারিত তথ্য আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup