শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন আলিয়া ভাট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৪ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

নিট (NEET) পরীক্ষা ঘিরে দেশজুড়ে যে তোলপাড় শুরু হয়েছে, তা কেবল পরীক্ষার কেন্দ্রগুলোতেই সীমাবদ্ধ নেই; শিক্ষার্থীদের এই আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজপথ থেকে শুরু করে পুরো বিনোদন জগতেও।

প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর জালিয়াতির প্রতিবাদে রাজধানী দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে মুম্বাইয়ের রাস্তা পর্যন্ত আজ শিক্ষার্থীদের ক্ষোভে উত্তাল। তাদের এই ন্যায়সংগত দাবির পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা।

আলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি শেয়ার করে লিখেছেন, ‘গত কয়েক দিন আমার হৃদয় ভেঙে দিয়েছে, আবার বারবার আশাও জাগিয়েছে। নিজের অবস্থানে অটল থাকা প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগের গল্প।

তারা শুধু নিজেদের প্রতিনিধিত্ব করছে না, বরং তাদের পাশে দাঁড়ানো প্রত্যেক মানুষকে প্রতিনিধিত্ব করছে। একই সঙ্গে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ভালো একটি পথ তৈরি করছে।’

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের তীব্রতা এতটাই বেশি যে মাঝরাতেও তারকারা তাদের সমর্থনে এগিয়ে আসছেন। সম্প্রতি গভীর রাতে অভিনেত্রী হুমা কুরেশি ও তার ভাই সাকিব সেলিম দিল্লির যন্তর মন্তরে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান।

রাত ১টার দিকে প্রতিবাদস্থলে উপস্থিত হয়ে তারা তরুণদের সঙ্গে কথা বলেন এবং এই লড়াইয়ে শেষ পর্যন্ত পাশে থাকার আশ্বাস দেন।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সম্প্রতি যন্তর মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত যে পদযাত্রা হয়েছিল, তার পর থেকে শিক্ষার্থীরা এখনো সেখানে নিজেদের অবস্থানে অনড়।

অন্যদিকে, মুম্বাইয়ের ভারী বৃষ্টিও থামাতে পারেনি শিক্ষার্থীদের প্রতিবাদ। সেখানে অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে সরাসরি রাজপথে নেমে আসেন অভিনেতা ইমরান খান।

সিজেপি-র আয়োজিত এই প্রতিবাদ মিছিলে শত শত শিক্ষার্থীর পাশে বৃষ্টিতে ভিজে হাঁটতে দেখা যায় তাকে। শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের এই লড়াইকে সমর্থন জানিয়ে তিনি সেলফিতেও বন্দী হন, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ব্যাপক ভাইরাল।কেবল রাজপথেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদের ঝড় তুলেছেন তারকারা।

আলিয়ার পাশাপাশি অভিনেতা সালমান খানও শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সংহতি জানিয়ে বার্তা দিয়েছেন। সব মিলিয়ে, এক বৈষম্যহীন ও স্বচ্ছ শিক্ষাব্যবস্থার দাবিতে ভারতীয় শিক্ষার্থীদের এই লড়াই এখন দেশজুড়ে এক জনজোয়ারে রূপ নিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন