

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের মেদিনীপুর জেলায় মর্মান্তিক সড়ক দু্র্ঘটনায় দেবাহূতি ব্যানার্জি (৪৪) নামের এক লেডি বাইকার ও বেসরকারি সংস্থার কর্মী মারা গেছেন।
গত ১৯ জুলাই জেলার খড়গপুর থানার অন্তর্গত বালিহাটির কাছে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাইকার দেবাহূতি ছুটির দিন তার রাইডিং দলের সঙ্গে ঘুরে বেড়াতে পছন্দ করতেন। উড়িশ্যার চান্দিপুর সফর শেষ করে ফিরছিলেন। রাইডিং দলে তার দ্বাদশ শ্রেণি পড়ুয়া ছেলে অনিকেত ব্যানার্জিসহ মোট ৪০ সদস্য ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য মতে, তার মোটরসাইকেলের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটারের মধ্যে ছিল। এ সময় একটি রোড বাম্পার অতিক্রমের সময় চাকা গর্তে পড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি থেকে তিনি ছিটকে পড়েন এবং রাস্তার ধারে একটি কংক্রিটের স্তম্ভে সজোরে ধাক্কা খান। এতে তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ সময়, সহ-বাইকাররা দেবাহূতিকে কোতোয়ালি থানার অধীনস্থ কংসাবতী (কান্সাই) সেতুর নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। ২০ জুলাই রাতে ময়নাতদন্ত সম্পন্ন করে রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।