বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবিতে জবি ছাত্রদলের ভিসি ভবন ঘেরাও 

জবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৭:০৮ পিএম
সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবিতে ভিসি ভবন ঘেরাও করেছে জবি ছাত্রদল।
expand
সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবিতে ভিসি ভবন ঘেরাও করেছে জবি ছাত্রদল।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

রোববার (৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বিজ্ঞান ভবন অতিক্রম করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা “মানি না মানবো না, অথর্ব প্রশাসন মানি না”, “দলকানা প্রশাসন মানি না মানবো না”, “সাংবাদিকদের ওপর হামলা কেন, প্রশাসন জবাব দাও”—এসব স্লোগান দেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ৫ আগস্টের পর থেকে তারা কোনো সাংবাদিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ করেননি। তবে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা গোপন রাজনৈতিক তৎপরতার মাধ্যমে এসব সংগঠন নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, সাংবাদিকদের একটি অংশকে বাদ দিয়ে ‘পাতানো নির্বাচন’-এর মাধ্যমে সমিতি দখলের চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, জামায়াত-শিবিরের প্রভাবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সাংবাদিক সমিতির জন্য নতুন গঠনতন্ত্র প্রণয়ন করেছেন, যেখানে শিক্ষক সমিতির সভাপতিকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়া হয়েছে।

হিমেলের অভিযোগ, পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ার পর তড়িঘড়ি করে নির্বাচন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, যাতে নির্দিষ্ট একটি পক্ষকে নেতৃত্বে আনা যায়। তিনি বলেন, “আমরা উপাচার্যকে সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তা করা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে গত ৫ মার্চ সাংবাদিকদের ওপর নেক্কারজনক হামলার ঘটনা ঘটে।”

তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান এবং বলেন, এ ঘটনার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না।

সমাবেশে আবাসন ভাতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল আবাসন ভাতা। এ দাবিতে তারা টানা তিন দিন যমুনার সামনে আন্দোলন করেন। আন্দোলনের পর বিশেষ বৃত্তির ঘোষণা এলেও এক বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “অবিলম্বে বিশেষ বৃত্তি প্রদান করতে হবে, অন্যথায় প্রশাসনকে পদত্যাগ করতে হবে।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। তিনি দাবি করেন, এ ঘটনার পেছনে জামায়াতপন্থী ভিসির দায় রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো তদন্ত কমিটি গঠন না করায় তিনি প্রশাসনের সমালোচনা করেন এবং ঘটনার দায় নিয়ে উপাচার্যের পদত্যাগ দাবি করেন।

এ সময় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সরদার, মো. মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আউয়াল, নাহিয়ান বিন অনিক, শাখাওয়াত হোসেন পরাগ, মিয়া রাসেলসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলায় সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের সংবাদকর্মীসহ অন্তত ২০ জন আহত হন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন