

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নার্সিং শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ, গ্র্যাজুয়েটদের পেশাগত ইন্টার্নশিপ এবং বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এবং ঢাকার ইউনিকো হসপিটালস পিএলসি।
গত ৩১ আগস্ট এক অনুষ্ঠানে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। আইইউবিএটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এবং ইউনিকো হসপিটালস পিএলসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদ্রা কুরিয়েন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রথম চুক্তির আওতায় আইইউবিএটির চার বছর মেয়াদি ব্যাচেলর ইন নার্সিং প্রোগ্রামের শিক্ষার্থীরা ইউনিকো হসপিটালে তত্ত্বাবধানে ক্লিনিক্যাল রোটেশনের সুযোগ পাবেন। মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিকস, অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি এবং কমিউনিটি হেলথসহ বিভিন্ন বিভাগে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন তারা।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রযোজ্য একাডেমিক ও পেশাগত মানদণ্ড অনুসরণ করে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা রোগীসেবা, ওয়ার্ড ব্যবস্থাপনা, ক্লিনিক্যাল প্রক্রিয়া, যোগাযোগ দক্ষতা ও পেশাগত নৈতিকতার বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
দ্বিতীয় চুক্তির মাধ্যমে আইইউবিএটির যোগ্য ব্যাচেলর ইন নার্সিং গ্র্যাজুয়েটরা ইউনিকো হসপিটালে ছয় মাসের কাঠামোবদ্ধ পেশাগত ও ক্লিনিক্যাল ইন্টার্নশিপের সুযোগ পাবেন। ইন্টার্নশিপ শেষে সফলভাবে সম্পন্নকারীদের হাসপাতালের পক্ষ থেকে অফিসিয়াল ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হবে।
তৃতীয় চুক্তির আওতায় আইইউবিএটির শিক্ষার্থী, অ্যালামনাই, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং যোগ্য নির্ভরশীলরা ইউনিকো হসপিটালের নির্বাচিত স্বাস্থ্যসেবা করপোরেট ডিসকাউন্টে নিতে পারবেন। এর মধ্যে চিকিৎসকের পরামর্শ, বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি চিকিৎসাসেবাও রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব বলেন, আইইউবিএটি ও ইউনিকো হসপিটালের এই অংশীদারিত্ব একাডেমিক শিক্ষাকে পেশাগত স্বাস্থ্যসেবা অনুশীলনের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করবে। দক্ষ, নৈতিক ও আত্মবিশ্বাসী নার্সিং পেশাজীবী তৈরিতে ক্লিনিক্যাল অভিজ্ঞতা ও কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
ইউনিকো হসপিটালস পিএলসির সিইও আদ্রা কুরিয়েন বলেন, এ ধরনের সহযোগিতা ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা পেশাজীবীদের দক্ষতা ও পেশাগত প্রস্তুতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই অংশীদারিত্বের ফলে নার্সিং শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়বে। পাশাপাশি আইইউবিএটির বৃহত্তর কমিউনিটির জন্যও স্বাস্থ্যসেবা সুবিধা আরও সহজলভ্য হবে।


