

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. মোস্তফা ওরফে মনুকে (৪৫) গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার নথি অনুযায়ী, অভিযুক্ত মনু মোহাম্মদপুরের বাবর রোডের বাসিন্দা মৃত ইনছান আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে এবং আদালতের জারি করা তিনটি গ্রেপ্তারি পরোয়ানাও ছিল বলে জানিয়েছে পুলিশ।
এছাড়াও বুনিয়া সোহেলের ডান হাত হিসেবে কাজ করতো এই মনু। বুনিয়া সোহেল কারাগারে থাকলেও তার সমস্ত অপকর্ম এবং মাদক ব্যবসা করে আসছিল জেনেভা ক্যাম্পের এই শীর্ষ মাদক ব্যবসায়ী মনু।
পুলিশ সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে পলাতক থাকা মনুকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে তিনটি মামলায় আদালতের জারি করা ওয়ারেন্ট ছিল। এছাড়া মাদক সংশ্লিষ্ট আরও বেশ কয়েকটি মামলায় তিনি অভিযুক্ত।
এ বিষয়ে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, সম্প্রতি জেনেভা ক্যাম্প এলাকায় পরিচালিত এক অভিযানে মনুর দোকানে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, জেনেভা ক্যাম্প এলাকায় মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযান, টহল ও মাদকবিরোধী কার্যক্রমের মাধ্যমে এলাকায় মাদক বিক্রি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
পুলিশের দাবি, অতীতের তুলনায় বর্তমানে জেনেভা ক্যাম্প এলাকায় মাদক কেনাবেচা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এলাকাটিকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান রয়েছে। জেনেভা ক্যাম্পকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে যা যা প্রয়োজন, আমরা তা করে যাবো।
