সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রা: যানজট কমলেও রয়েছে হয়রানির চিত্র 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৯:০৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ঈদযাত্রা শুরু হলেই সামনে আসে যানজট ও যাত্রীদের হয়রানির চিত্র। তবে এবারের ঈদুল আযহার সময় যানজট কম থাকলেও যাত্রীদের হয়রানির পুরোনো সেই চিত্র দেখা যাচ্ছে ঈদ যাত্রায়। রাজধানীর সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালের কোথাও কোথাও ভাড়া বেশি নেয়া আবার কোথাও কোথাও সময়মত বাস না পাওয়ার অভিযোগ উঠেছে। নির্ধারিত গাড়ির জন্য বাস টার্মিনালে দীর্ঘ অপেক্ষা করেন অনেক যাত্রী।

সোমবার (২৫ মে) দেখা যায় এমন চিত্র। এদিন, সায়েদাবাদ বাস টার্মিনালের একাধিক কাউন্টারের বিরুদ্ধে উঠেছে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। সেই সাথে, যাত্রীদের ভুয়া টিকিট দেয়ার অনিয়মও ধরে পড়ে ম্যাজিস্ট্রেটের অভিযানে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমানের পরিচালনা করা অভিযানে জরিমানা করা হয় সেন্টমার্টিন, সার্বিক পরিবহনসহ একাধিক পরিবহনকে।

ঢাকা থেকে নোয়াখালীতে যাওয়ার উদ্দেশ্যে গাবতলী বাস টার্মিনালে আসা আশরাফ নামে এক যাত্রী বলেন, পরিবার নিয়ে বসে আসি অনেকক্ষণ ধরে। এর মধ্যে শুরু হইছে বৃষ্টি। গাড়ি কখন আসবে ঠিক বলতে পারছে না কাউন্টারের লোকজন। সব মিলিয়ে সমস্যায় আছি।

এদিন, বেলা সাড়ে ১১টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন ডিএমপির কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। এসময় তিনি বিভিন্ন কাউন্টার ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। ডিএমপি কমিশনার জানান, বাস টার্মিনালগুলোতে টিকিট কালোবাজারি রোধে মোবাইল কোর্ট কাজ করছে।

গোল্ডেন লাইন বাসের টিকিট কাটা এক যাত্রী জানান, ঢাকা থেকে রেগুলান তিনি সাড়ে ৫শ টাকায় মাগুরা যান। তবে, ঈদকে কেন্দ্র করে সেই ভাড়া নিয়েছে সাড়ে ৮শ টাকা। বাধ্য হয়েই বেশি দামে টিকিট কেটে যাচ্ছেন বলেও জানান এই যাত্রী।

ঢাকা থেকে বের হওয়ার প্রধান পয়েন্টগুলোতে গাড়ির চাপ থাকলেও আগের মতন যানজট ছিলো না। টঙ্গী চৌরাস্তা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতেও দেখা যায় স্বাভাবিক চিত্র। পদ্মা সেতুর মাওয়া প্রান্ত ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সকালে যানবাহনের দীর্ঘ সারি পড়েছে। এতে প্রচন্ড গরমে ভোগান্তিতে পড়েছেন ঈদ যাত্রীরা। তবে বেলা বাড়ার সাথে সাথে চাপ নিয়ন্ত্রণে চলে আসে।

এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই যাত্রীদের চাপ দেখা যায়। বেশ কিছু ট্রেনের যাত্রা বিলম্ব হওয়ায় অস্বস্তিও ছিল যাত্রীদের মাঝে। টিকিট কেটেও ভীড় ঠেলে ট্রেনে উঠার লড়াইয়ে ব্যর্থ হয়েছেন অনেকেই। আবার দৌড়ঝাঁপ করে উঠতে দেখা যায় যাত্রীদের। ছাঁদে উঠতে গিয়ে ব্যাথাও পান কয়েকজন। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, যাত্রা পথে ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। কমলাপুর থেকে আজ সর্বমোট ৬৭টি ঈদ যাত্রার ট্রেন ছেড়ে যাবে।

রাজধানীর সদর ঘাট লঞ্চ টার্মিনালের দেখা যায় ঈদে বাড়ি ফেরা মানুষের আনাগোনা। যাত্রীরা বলেন, সড়ক পথের ঝামেলা এড়াতেই সবসময় লঞ্চেই যাতায়াত করেন তারা। এদিকে, এবার তেমন যাত্রী নেই জানিয়ে লঞ্চের কর্মচারীরা জানান, ঈদুল ফিতরের তুলনায় আযহায় ঈদের আগে যাত্রী কম থাকে।

পাটুরিয়া-আরিচা ফেরিঘাট ও লঞ্চঘাটে নৌপথে ঘরমুখো মানুষের ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি ও কার্যক্রম পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান। এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে লুজ টিকিটিং এজেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট। একইসঙ্গে নৌপরিবহন প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারির নির্দেশনাসহ ইজারার চুক্তির শর্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্হা গ্রহণপূর্বক অবিলম্বে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশনা প্রদান করেন।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদকে সামনে রেখে মানুষের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সরকার বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে। সড়ক, রেল এবং নৌপথে যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। সোমবার (২৫ মে) রাজধানীতে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন